সদ্যই প্রকাশিত হয়েছে ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচক। এই সূচক অনুযায়ী, ১১৬টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০৩তম স্থানে। পাকিস্তান, বাংলাদেশ, নেপালের থেকে বেশ পিছিয়ে রয়েছে ভারত। ২০২০ সালে ভারত ছিল ৯৪ স্থানে। আর সেখান থেকে এবছর আরও নীচে নেমে গেল দেশ।
জার্মানির সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ ও আইরিশ ত্রাণ সংস্থা ‘কনসার্ন ওয়ার্লড ওয়াইড’-এর তরফে যৌথভাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষুধা ও অপুষ্টির নিরিখে তৈরি তালিকাটিতে সবথেকে ভালো স্থানে রয়েছে চীন, ব্রাজিল, কুয়েতের মতো ১৮টি দেশ। এই দেশগুলির জিএইচআই স্কোর ৫-এরও নীচে।
২০০০ সালে ভারতের জিএইচআই স্কোর ছিল ৩৮.৮। কিন্তু ২০১২ থেকে ২০২১- এর মধ্যে ভারতের স্কোর ২৮.৮-২৭.৫-এর মধ্যে ঘোরাফেরা করছে। নতুন এই সূচক অনুযায়ী, ভারতের অবস্থান ‘উদ্বেগজনক’ বিভাগে রয়েছে। প্রতিবেশী দেশগুলির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। এই তালিকায় ভারতের অনেক আগে রয়েছে নেপাল (৭৬), বাংলাদেশ (৭৬) ও মায়ানমার (৭১)। এমনকী পাকিস্তানও এগিয়ে ভারতের থেকে। তারা রয়েছে ৯২ নম্বর স্থানে। তবে এই চারটি দেশও ‘উদ্বেগজনক’ বিভাগেই রয়েছে।
এই মাপকাঠির সূচক তৈরি হয় কার্যত চারটি বিষয়কে সামনে রেখে। এগুলি হল অপুষ্টি, পাঁচ বছরের কমবয়সি শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন। তবে সামগ্রিক ভাবে দেখতে গেলে ভারতের অবস্থান কয়েকটি বিভাগে আগের থেকে উন্নত হয়েছে। যেমন পাঁচ বছরের কমবয়সিদের মৃত্যুহার কিংবা অপুষ্টির হার। এর পাশাপাশি দেখা গিয়েছে, করোনা অতিমারীর বিধিনিষেধ ভারতের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।





