কিছুদিন আগেই শেষ হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।মার ভোটে জেতার পর এবার ভোট প্রতিশ্রুতি রাখতে ভুলল না গোয়ার বিজেপি সরকার। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করেন যে সরকারের তরফে প্রতি বছর বিনামূল্যে ৩টি করে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে গোয়ার প্রত্যেক পরিবারকে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এমন ঘোষণা করলেন প্রমোদ সাওয়ান্ত। এই প্রকল্পকে অনুমোদন দিয়ে জানানো হয়েছে যে আগামী এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষ থেকে এই প্রকল্প চালু হবে।
গোয়ার ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রমোদ সাওয়ান্ত। প্রথম দফার তাঁর সঙ্গে আরও ৮ জন বিধায়ক শপথ নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নরেন্দ্র সিং তোমর, নীতিন গড়কড়ি, উত্তরাখণ্ড, অসম, হরিয়ানা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও।
এদিন প্রমোদ সাওয়ান্ত জানান যে দল তাঁর প্রতি বিশ্বাস রেখেছে। তাঁর কথায়, “আমরা গোয়াকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। গোয়াকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার প্রতিশ্রুতি পূরণ করব। ছাড়াও, খনি থেকে বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও মাথায় রয়েছ সরকারের”।
বলে রাখি, দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পঞ্জাব ছাড়া উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতে উঠেছে গেরুয়া ঝড়। চার রাজ্যের বিজেপির জয়জয়কার। অন্যদিকে, পঞ্জাবের আসন দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।





