ফের বোমা বিস্ফোরণ রাজ্যে! ঘরের মধ্যেই মজুত বোমা, তীব্র বিস্ফোরণের জেরে উড়ল বাড়ি, আতঙ্ক গোটা এলাকায়

ফের একবার বোমা বিস্ফোরণের খবর মিলল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সরদারপাড়ার একটি বাড়িতে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির ছাদ। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িটি।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আগুন নিয়ন্ত্রণে আনতেও হাত লাগায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে ওই বাড়িতেই মজুত করা ছিল বোমা। সেই বোমা ফেতেই এই বিস্ফোরণ। বাড়িতে বোমা মজুত রাখার ঘটনায় বাড়ির মালিক হামিজ উদ্দিন সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবী, পুরনো শত্রুতার জেরেই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল হামিজ উদ্দিন ও তার পরিবার। গতকাল রাতে ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানান স্থানীয়রা।

এক স্থানীয় ব্যক্তির কথায়, কিছুদিন আগেই ওই এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষ প্রায়ই বেঁধেই থাকে ওই এলাকায়। প্রতিবেশীদের দাবী, যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল।

এদিকে স্থানীয় তৃণমূল নেতার দাবী, অভিযুক্ত যে দলেরই হোক না কেন, দোষী অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে।

RELATED Articles