ভারতের প্রথম মহিলা পাইলট সরলা ঠকরালকে জন্মদিনে বিশেষ সম্মান গুগলের, প্রকাশিত হল নতুন ডুডল

ভারতের প্রথম মহিলা পাইলট হলেন সরলা ঠকরাল। মাত্র ২১ বছর বয়সেই দেশের প্রথম মহিলা হিসেবে পাইলটের ‘এ’ লাইসেন্স পান তিনি। তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন লাহোর ফ্লাইং ক্লাব থেকে।

প্রাথমিক লাইসেন্স পাওয়ার পর লাহোর ফ্লাইং ক্লাবের বিমানেই তিনি হাজার ঘণ্টা আকাশে উড়েছিলেন। শাড়ি পরেই বিমান চালাতেন সরলা। আজ ১০৭তম জন্মদিন। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল।

মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে হয়ে যায় সরলার। তাঁর স্বামী পিডি শর্মার পরিবারে পাইলট ছিলেন মোট ৯জন। পিডি শর্মা নিজেও প্রথম ভারতীয় হিসেবে এয়ারমেইল পাইলটের লাইসেন্স পান। ১৯৩৯ সালে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পিডি শর্মার।

এরপরে সরলা ঠকরাল কমার্শিয়াল পাইলটের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই কারণে সিভিল পাইলটের প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছিল। এই কারণে কমার্শিয়াল পাইলট হয়ে ওঠা হয়নি সরলার।

পরবর্তীকালে লাহোরে ফিরে এসে মেয়ো স্কুল অফ আর্টে ভর্তি হন সরলা। বেঙ্গল স্কুল অফ পেইন্টিং-এর উপর প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অর্জন করেছিলেন ফাইন আর্টসের উপর ডিপ্লোমা। ১৯৪৮ সালে আরপি ঠকরালের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সরলা। ২০০৮ সালে দিল্লিতে মৃত্যু হয় তাঁর।

RELATED Articles