ত্রিপুরার ঘটনা সম্পূর্ণ ‘সাজানো’, ‘বেশি নাটক করছে দিদির ভাইরা’, কটাক্ষ দিলীপের

ত্রিপুরায় তৃণমূলের যাওয়া এমনিতেই পরিস্থিতি তেতে ছিলই। এর উপর গতকাল, শনিবার তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনায় বর্তমানে উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি চরমে উঠেছে। সেখানে আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা। মাথা ফেটেছে সুদীপ রাহার। আক্রান্ত দেবাংশু ও জয়াও।

আজ, রবিবার দেবাংশু-সুদীপ-জয়া-সহ মোট ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। এই পরিস্থিতি আজই ত্রিপুরা পৌঁছেছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, ও দোলা সেন। যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে ত্রিপুরার এই সমস্ত ঘটনাকে ‘সাজানো’ বলে দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি, তারা ‘নাটক’ করছেন বলেও কটাক্ষ করেন দিলীপ।

আরও পড়ুন- ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু, সুদীপরা, হামলার প্রতিবাদে রাতভর ধর্না, আজই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

গতকালের হামলার ঘটনার জন্য গতকাল রাতে ধর্নায় বসেছিলেন দেবাংশু-জয়া-সুদীপরা। আজ সকালে তাদের গ্রেফতার করা হয়। এই কারণেই তাদের পাশে দাঁড়াতে ত্রিপুরা রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আগে অসমে গিয়ে অনেক নাটক করেছেন ওনারা। একটা পঞ্চায়েতও জিততে পারেনি। এরকম মারামারি করে মনে হয় না তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠন করতে পারবে”।

অন্যদিকে, ২১শে জুলাই শহিদ সমাবেশ থেকেই তৃণমূলের উপর আক্রমণ নেমে এসেছে বিপ্লব দেবের রাজ্যে, এমনটাই অভিযোগ আনা হয়েছে। ২রা আগস্ট যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আগরতলা যান, তাঁর গাড়িতেও হামলা করা হয়। আইপ্যাকের টিমকে হোটেল বন্দি করে রাখা হয়। এরপর গতকাল তৃণমূল নেতাদের উপর হামলা। এই বিষয়ে দিলীপের মন্তব্য, “দিদি নাটক করেন, ভাইরা আরও বেশি নাটক করেন”। এই সমস্ত অভিযোগ, সব ঘটনা সাজানো বলে দাবী দিলীপের।

আরও পড়ুন- দেবাংশু-জয়া-সুদীপের উপর হামলা, বিপ্লব সরকারকে চাপে রাখতে আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য–সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ত্রিপুরায় সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, “ত্রিপুরার পরিস্থিতি খুব খারাপ। আমাদের সহকর্মীরা সারারাত অবরুদ্ধ ছিল। আমাদের একাধিক পার্টি অফিস ভাঙা হয়েছে, ফ্লেক্স ব্যানার ছেড়া হয়েছে। আমরা যে হোটেলগুলোতে থাকি সেখানে গিয়ে হুমকি দেওয়া হয়েছে”।

RELATED Articles