কেন্দ্রীয় সরকারের ব্যান করার ঘোষণায় প্রবল ক্ষতির মুখে শাওমি ইন্ডিয়া, মত বিশেষজ্ঞদের

ভারত সরকারের চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্তে প্রবল ক্ষতির মুখে পড়তে চলেছে চীনের শাওমি সংস্থা, অনুমান করলেন টেক বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার থেকে প্রথম ধাপে যে ৫৯টি অ্যাপ ব্যান করা হয়েছিল তার মধ্যে ছিল মি কমিউনিটি। দ্বিতীয় ধাপে যে সাতচল্লিশটি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা নেমে এসেছিল তার মধ্যে এম আই ব্রাউজার প্রো রয়েছে। এই দুটি সার্ভিস বন্ধ করার ফলে এই চীনা সংস্থা ভ্যালু অ্যাডেড সার্ভিস এর ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টেক আর্ক এর প্রতিষ্ঠাতা ফয়জল কায়সার বলছেন যে, এম আই ৯০ মিলিয়ন গ্রাহক নিয়ে একটি বেস তৈরি করেছে ইতিমধ্যেই। বাজারের ৩০ শতাংশ শেয়ার দখল করে রেখেছে সংস্থা। শুধু ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমেই গ্রাহক প্রতি ১ ডলার করে প্রতিমাসে আয় করে এই চীনা সংস্থা। আমরা যদি ধরি যে এই গ্রাহক বেসের অর্ধেক মানুষ এই অ্যাপদুটি ব্যবহার করেন তাহলেও মাসে ৪৫ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করে শাওমি। এই কোম্পানির ভারতীয় বিভাগ ২০১৯ অর্থবর্ষে যে ফাইলিং করেছে সেখানে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র ভারতে বছরে ৩৫ হাজার ৪২৬ কোটি টাকা আয় করেছে।

বুধবারে এই চীনা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি নিজেদের শেয়ারহোল্ডারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা ভারতীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ভারত সরকারের নির্দেশের সঙ্গে সহযোগিতা করে তারা কাজ করে যাবেন।

বিশেষজ্ঞদের মতে, যদিও এখনও শাওমি কোনরকম সরাসরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু একথা মানতে হবে যে এই সংস্থার ভাবমূর্তি কেন্দ্রীয় সরকারের ঘোষণায় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। শাওমি এর আগে বিভিন্ন ঘটনায় নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে এসেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেত্রেও সেই অবস্থানের দ্বিচারিতা হবে না।

আরও অন্যান্য খবর