চীনকে বোঝানো চাট্টিখানি কথা নয়। তা আগেই বুঝেছে ভারত। ২রা আগস্ট কম্যান্ডার লেভেলের আলোচনায় কী হয়েছে, সেই নিয়ে আজ বিস্তারিত বৈঠক সারল চীনা স্টাডি গ্রুপ। সেই বৈঠকের শেষে যা দাঁড়াল তা হলো পূর্ব লাদাখে আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজি হচ্ছে না জিনপিং প্রশাসন।
সূত্রের খবর সেদিনের হয়ে যাওয়া বৈঠকে মেলেনি কোনও সমাধানসূত্র। চীনের কম্যান্ডার বারবার বলেছেন যে আগের জায়গায় ফেরত যাওয়ার দাবি কিছুটা কাঁটছাঁট করুক ভারত। তবে তা মানতে নারাজ ভারতীয় প্রতিনিধিরা।
ভারত সরকারের শীর্ষ মন্ত্রী ও আমলারা এই বৈঠকে ছিলেন। ভারত বারবার বলেছে যে স্ট্যাটাস ক্যু ফেরাতে হবে। অর্থাৎ সব সেনাকে নিজেদের দিকে নিয়ে যাও। অন্যদিকে চীনের দাবি সীমান্ত সমস্যার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুলিয়ে ফেলা উচিত নয়।
যাই হোক, চীনের কথাকে বিশেষ আমল দিচ্ছে না ভারত। আগামী শীতের সময়েও সেখানে থাকবেন ভারতীয় সেনারা চীনের ওপর চাপ রাখার জন্য। প্রসঙ্গত জুলাই ৫-এর বৈঠকে ঠিক হয়েছিল যে দুই পক্ষ নিজেদের জায়গায় ফিরে যাবে। কিন্তু কিছুতেই গোগরা ও প্যাংগং থেকে যেতে চাইছে না চীন।






