দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। তাই এখন সংক্রমণ রুখতে যত দ্রুত সম্ভব কম খরচে নিরাপদ ও কার্যকরী টিকা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে এবার ৩,০০০ কোটি টাকার কোভিড সুরক্ষা ফান্ডের প্রস্তাব আনল কেন্দ্র। বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, এই মিশনে করোনা টিকার উৎপাদন থেকে শুরু করে খরচ সব বিষয়ে নজর রাখা হবে।
আপাতত এই ফান্ডের খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এই মিশনের বাজেট হবে ৩,০০০ কোটি টাকা এবং সময় ১২-১৮ মাস। এর প্রধান কাজ হলো ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন অনুমোদিত টিকাগুলির যথেষ্ট পরিমাণ উৎপাদন হচ্ছে কিনা না তা দেখা এবং তাকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এছাড়া খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই টিকা তৈরির প্রকল্প যাতে প্রজেক্ট মোডের বদলে মিশন মোডে থাকে। জানা গেছে টিকা তৈরির কাজ এখনো ভালো ভাবে হয়নি। তাই আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে তা ভালো ভাবে শুরু হয়ে যাবে এবং দেশবাসীর কাছেও পৌঁছে দেওয়া যাবে। এই প্রস্তাবিত মিশনের ব্যাপারে কেন্দ্র এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি।
এখনো অবধি দেশে যতগুলি সংস্থা টিকা তৈরি করছে তাদের সাহায্য করবে এই মিশন। যাতে প্রতিটি সংস্থা সুষ্ঠুভাবে টিকা তৈরির কাজ করতে পারে। এছাড়া এদের মধ্যে সর্বপ্রথম যে সফলভাবে টিকা তৈরি করবে তাকে বেছে নেওয়া হবে। কারণ মানুষের স্বাস্থ্যের সাথে কোনোভাবেই কোনো গাফিলতি বরদাস্ত করবে না কেন্দ্র।
খসড়া অনুসারে, এই জাতীয় মিশনের লক্ষ্য দেশকে করোনা টিকার ব্যাপারে আত্মনির্ভর করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।





