নজিরবিহীন! বিয়ের দিন সকালে আচমকা পঙ্গু হওয়া কনেকেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের যুবক

ঠিক যেন সিনেমার পর্দা। কনে স্ট্রেচারে শুয়ে, কিছুক্ষণ পরেই কঠিন অপারেশন, এর মাঝেই তাঁকে বিয়ে করে স্ত্রীয়ের স্বীকৃতি বরের। কিছু বছর আগে এরকমই এক দৃশ্য দেখা গিয়েছিল শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীত ছবি ‘বিবাহ’-তে। সেখানে বিয়ের ঠিক আগেই আগুনে পুড়ে যান কনে, যমে মানুষে টানাটানির মধ্যেই তাঁকে হাসপাতালেই বিয়ে করেন শাহিদ। তবে এবার আর রিল নয়, বরং রিয়েল। বাস্তব জীবনেও যে এরকম ঘটনা ঘটে তা প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের এক যুবক।

প্রতাপগড়ের কুন্ডা এলাকার বাসিন্দা আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবধেশের বিয়ে ঠিক হয়। কিন্তু কপালের ফের! বিয়েরদিন দিন সকালেই এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আরতি। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হাড়গোড়, ভেঙে যায় শিরদাঁড়া। তড়িঘড়ি তাঁকে প্রয়াগরাজের এক হাসাপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানান, আরতি পঙ্গু হয়ে গিয়েছেন, এখন বেশ কিছুমাস আর বিছানা থেকে নড়তে পারবে না। বিয়েবাড়ির আনন্দ বদলে যায় শোকে। এই পরিস্থিতিতে  আরতির বিয়ে ভেঙে যাওয়ারই কথা। এই কথা ভেবেই আরতির ছোটো বোনের সঙ্গে অবধেশের বিয়ের প্রস্তাব দেন আরতির পরিবার। কিন্তু অবধেশ অন্য ধরণের মানুষ। আরতির দুর্ঘটনার কথা শুনেই পৌঁছে যান হাসপাতালে, হবু স্ত্রীর পরিচর্যায় নিয়োগ করেন নিজেকে।

অবধেশ জানান, তিনি আরতিকেই বিয়ে করবেন। যে সময় তাদের বিয়ে হওয়ার কথা ছিল, নিয়ম মেনে সেই সময়ই বিয়ে হবে। চিকিৎসকদের অনুমতি নিয়ে দু’ঘণ্টার জন্য আরতিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। স্ট্রেচারে শুয়ে আরতি, চলছে অক্সিজেন, সেলাইন। এই পরিস্থিতিতেই আরতির মাথায় সিঁদুর পরিয়ে দিলেন অবধেশ। গোটা পরিবার সাক্ষী রইল এক নজিরবিহীন ঘটনার। তবে ফারাক এই যে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পরিবর্তে আরতি গেলেন হাসপাতালে। পরের দিন অপারেশন হয় তার, বন্ডে সাক্ষর করেন অবধেশই।

নজিরবিহীন! বিয়ের দিন সকালে আচমকা পঙ্গু হওয়া কনেকেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের যুবক

এরপর বিয়ের এক সপ্তাহ কেটে গিয়েছে। স্ত্রীয়ের পাশ থেকে সরেন নি অবধেশ। চিকিৎসকেরা জানিয়েছেন, আরতি বেশ কয়েক মাস এখ বিছানা ছেড়ে উঠতে পারবেন না। কিন্তু শরীরের কোনও কষ্টই যেন গায়ে লাগছে না আরতির। স্বামীর প্রকৃত ভালোবাসায় সব কষ্টকে জয় করতে পেরেছেন তিনি।

RELATED Articles