করোনাভাইরাসের বলি হলো ১৪ মাসের শিশু। দেশের মধ্যে সর্বকনিষ্ঠ সংক্রামিত গুজরাতের জামনগরে মারা গেল। রাজ্যের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ওই শিশুকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল। এরপর তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, গুজরাতে এখনো অবধি ১৬৫ জন আক্রান্ত হয়েছে।
ভিন রাজ্যের এক শ্রমিক দম্পতির ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় জামনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুদিন আগে শিশুটির টেস্ট পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু সংক্রমণের কারণে ওই শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে সে মারা যায়।
কীভাবে ওই শিশুর সংক্রমণ ঘটল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। শিশুটির বাবা-মা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা বন্দরগাহ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। আধিকারিকরা জানিয়েছেন, ওই শিশুর বাবা-মার অন্য কোথাও যাওয়ার কোনো ইতিহাস নেই। আর তাদের মধ্যে করোনার কোনও উপস্বর্গও দেখা দেয়নি। কিন্তু তাও তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরপর কোনও লক্ষ্মণ দেখা দিলে তা পরীক্ষা করা হবে। জামনগরের পাশে যে গ্রামে তাঁরা থাকেন, সেখানেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।





