কয়েক মাস আগে হাথরস-এর একটি ধর্ষণের ঘটনায় মুখ পুড়েছিল উত্তরপ্রদেশের যোগী সরকারের। আর এবার সেই একই জায়গায় দেড় বছর বয়সী এক শিশুর ধর্ষণকারী মামাকে পোকসো আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও কারাদন্ডে দন্ডিত করেছে আদালত।
তাৎপর্যপূর্ণ ভাবে, মাত্র ঘটনার মাত্র ২৩ দিনের মাথায় বিচারক সাজা শুনিয়েছেন। আদালতের তরফ থেকে এটাও বলা হয়েছে যে, এখানে যদি দয়া দেখানো হত তাহলে আর কোনও মা আর তাঁর নিজের ভাইয়ের হাতে বাচ্চাকে তুলে দিতে নিশ্চিন্ত বোধ করত না।
ওই বিকৃত মানসিকতার অপরাধী তার দেড় বছরের ভাগ্নিকে খেলার নাম করে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে দুষ্কর্ম করে। সাজার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে অতিরিক্ত কারাবাসের সাজার নিদান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২রা জানুয়ারি উত্তরপ্রদেশের হাথরসের চন্দ্রপা গ্রামে অভিযুক্ত বীরেন্দ্র নিজের দেড় বছরের ভাগ্নিকে খেলানোর নাম করে নিজের সাথে নিয়ে যায়। এরপর সে ওই দুধের শিশুর সাথে অপকর্ম করে সেখান থেকে পালিয়ে যায়। নির্যাতিতার মেডিক্যাল করানো হয়। এরপর অভিযুক্ত মামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।





