ভারতের সবচেয়ে দ্রুততম ইঞ্জিন তৈরী করে নজির গড়লো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। ঘন্টায় ১৮০ কিমি বেগে ছুটতে পারা এই রেল ইঞ্জিনের কথা টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল। তিনি জানান, এই প্রথম ১৮০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ছুতে সক্ষম হয়েছে ভারতের প্রযুক্তিতে তৈরী এই ইঞ্জিন৷ আর এই ইঞ্জিনের দরুণই এবারে রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলোর গতিবেগ বাড়তে চলেছে।
২০১৬-১৭ এর রেল বাজেটে ‘মিশন রফতার’ প্রকল্প ঘোষণার পরই এই ইঞ্জিন তৈরী শুরু হয়। বেশ অনেক দিন এই ইঞ্জিন তৈরী করে চিত্তরঞ্জন তা তুলে দেয় গাজিয়াবাদ লোকো শেডএর হাতে৷ সেখান থেকেই চলছিল ট্রায়াল রান৷ অবশেষে এই ইঞ্জিনটির সফল শেষ ট্রায়াল রান শেষ হয় গত সোমবার৷ এরপরই ঠিক হয় যে প্রথমে যে কোনো দুটো রুটে এই ইঞ্জিন দিয়ে প্রিমিয়াম ট্রেন চালানো হবে। তবে কোন দুটি রুট তা এখনও ঠিক হয়নি।
গতি বাড়ানোর জন্য সাধারণ রেল ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিনের ওজন ১৪ কেজি কমানো হয়েছে বলে জানা গিয়েছে চিত্তরঞ্জন সূত্রে। তবে রেল দফতর থেকে খবর মিলেছে যে রেল ইঞ্জিনের গতিবেগ ঘন্টায় ১৮০ কিমি হলেও তা ট্রেন নিয়ে যাওয়ার সময় বেঁধে দেওয়া হবে ১৬০ কিমি প্রতি ঘন্টার গতিবেগেই। এর পূর্বে অতিরিক্ত ইঞ্জিন ছাড়া বন্দেভারত এক্সপ্রেয় ঘন্টায় ১৮০ কিমি গতিবেগ তুলতে সক্ষম হয়েছিল। এবারে সেই কাজই সাধারণ পি৭ ইঞ্জিনে করে দেখালো চিত্তরঞ্জন।






