অবশেষে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলায় ঢুকে পড়ল পদ্মার ইলিশ। কথা রাখল বাংলাদেশ। গতকাল, সোমবার রাতের দিকে একটি ট্রাকে করে ৪ টন ইলিশ ঢুকল বঙ্গে। মাছগুলির ওজন ৭০০ থেকে ১৮০০ গ্রামের মধ্যে। মঙ্গলবার বিকেল বা বুধবার সকাল থেকেই কলকাতা, শিলিগুড়ি-সহ নানান বাজারে ঘোরাফেরা করবে এই পদ্মার ইলিশ। এরপরও প্রায় ২৪৫০ টন মাছ আমদানি করা হবে বলে জানা যাচ্ছে।
পুজোর আগেই ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। বেনাপোল সীমান্ত দিয়ে সোমবার সন্ধ্যায় পেট্রাপোল বন্দরে এল পদ্মার রুপালি শস্য৷ বাংলাদেশের শেখ হাসিনা সরকার অনেকদিন আগেই ঘোষণা করেছিল ভারতের ইলিশ রফতানি করা হবে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে বাংলাদেশি ইলিশ৷
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে বেশ চাহিদার কারণে ইলিশ মাছ রফতানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে চার বছর ধরে বাংলাদেশ সরকার ভারতে পুজোর আগে ইলিশ পাঠায়। এদিন সীমান্ত পেরিয়ে পেট্রাপোল বন্দরে ইলিশ ঢুকতেই উৎসাহ দেখা যায় বন্দরের ব্যবসায়ী-সহ সেখানকার মানুষজনদের মধ্যে৷ তাঁরা জানান যে তারা বছরভর বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষা করে থাকেন। পুজোর আগে মাছ পৌঁছনোর ফলেতাঁরা ভীষণ খুশি। তবে বাজারে দাম কত হবে, তা এখনও ঠিক হয়নি৷
প্রত্যেক বছরই পুজোর আগে প্রতিবেশী রাজ্যে ইলিশ পাঠায় বাংলাদেশ। এর জন্য আমবাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই বছর ইলিশ ঢুকবে কী না, তা নিয়ে একটু অনিশ্চয়তা ছিল বটে। তবে সব সংশয় কেটে এবার সীমান্তে এল বাংলাদেশি ইলিশ।





