ভারতে এতদিন ধরে দু’ধরনের প্রতিষেধক প্রদান করা হচ্ছিল এক ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড।
তবে এবার জানা যাচ্ছে, ভারতের টিকাকরণের হয়তো একটু হলেও গতি বাড়তে পারে। আগামী সপ্তাহ থেকেই ভারতে মিলতে পারে রাশিয়ায় তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি।
আজ অর্থাৎ বৃহস্পতিবার নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানিয়েছেন, ইতিমধ্যেই ভারতের হায়দরাবাদে স্পুটনিক ভি এসে পৌঁছেছে। খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকেই টিকাকরণও শুরু হয়ে যাবে বলেই আশা রয়েছে। আপাতত যে পরিমাণ ভ্যাকসিন এসেছে তা দিয়ে প্রাথমিক ভাবে টিকাকরণ শুরু হলেও, আগামিদিনে রাশিয়া থেকে আরও প্রতিষেধক আসার কথা রয়েছে।
এদিন ভিকে পল বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী সপ্তাহ থেকেই সম্ভবত রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি বাজারজাত করা যাবে। আপাতত খুবই অল্প সংখ্যক ডোজ় রাশিয়া থেকে এসেছে। সেটাই আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে।”
ভারতের সেরাম ইনস্টিটিউট যেরকম অক্সফর্ড অ্যাস্ট্রোজনেকার সঙ্গে মিলে ভারতে কোভিশিল্ড উৎপাদন করেছে সেই রকম ভাবেই এবার থেকে ভারতেই তৈরি হবে স্পুটনিক’ ভি। জুলাইয়ের প্রথম থেকেই হয়ত এই টিকা তৈরির কাজ শুরু হবে।
এই মুহূর্তে ভারতের ওষুধ , অক্সিজেনের মতো করোনা প্রতিষেধকেরও তীব্র অভাব চোখে পড়েছে। এই বিষয়ে আশ্বস্ত করে অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে কোন ভ্যাকসিন কতটা পাওয়া যাবে, সে হিসাবও দিয়েছেন ভিকে পল। তিনি বলেন, এই সময়ের মধ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের ৭৫ কোটি ডোজ় পাওয়া যাবে। কোভ্যাক্সিনের ডোজ়ের সংখ্যাটা হবে ৫৫ কোটি। নোভাভ্যাক্সের ২০ কোটি ডোজ়, জেনোভার ৬ কোটি ডোজ, বায়ো ভ্যাকসিনের ২১ কোটি ডোজ়, জায়ডাস ভ্যাকসিনের ৫ কোটি ডোজ়, স্পুটনিকের ১৫ কোটি ডোজ় পাওয়া যাবে।





