লকডাউনে স্কুলপড়ুয়াদের জন্য বিশেষ ১২টি DTH চ্যানেল শুরু করতে চলেছে কেন্দ্র

এবার পড়ুয়াদের সুবিধার্থে DTH চ্যানেল শুরু করতে চলেছে কেন্দ্র। করোনা মহামারির ফলে সেই মার্চ থেকেই বন্ধ স্কুল, কলেজ। এর মধ্যেই স্কুল পড়ুয়াদের সুবিধার্থে বিশেষ ডিরেক্ট টু হোম চ্যানেল শুরু করার পরিকল্পনা নিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ওয়ান থেকে টুয়েলভ প্রতিটি শ্রেণির জন্য আলাদা চ্যানেল চালু করা হবে।

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ওয়ান ক্লাস, ওয়ান চ্যানেল প্ল্যান আনছেন তারা। এর দায়িত্ব নেবে স্কুল শিক্ষা দফতর। NCERT ও CBSE-র সাহায্য নেওয়া হবে চ্যানেলে কী কী দেখানো হবে সেই বিষয় নিয়ে।

প্রসঙ্গত, লকডাউনের মধ্যে অনেক স্কুলই অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে। কিন্তু ভারতের মতো দেশে ডিজিটাল ডিভাইড প্রকট। দেশে সবার ঘরে বিদ্যুৎই নেই সেখানে অনলাইনে পড়াশুনো করা তো বিলাসিতার সমান। একই সঙ্গে ছোটো বাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা অনলাইন থাকা নিয়েও প্রশ্ন করছেন অনেকে। এতে তাদের চোখের ক্ষতি হবে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।

সেই কারণে টিভি ও রেডিওর মত সার্বজনীন মাধ্যমে ক্লাস নিতে চায় HRD মন্ত্রক। এর মধ্যে অন্যতম উপায় হল ১২ ফ্রি টু এয়ার ডিটিএইচ চ্যানেল চালু করা। উচ্চশিক্ষার জন্যেও ডিটিএইচ চ্যানেল চালু করতে চায় কেন্দ্র, যার দায়িত্ব থাকবে AICTE-র ওপর।

শিক্ষামন্ত্রী পোখরিয়াল জানিয়েছেন যে ‘স্বয়ম প্রভা’ চ্যানেল প্যাকেজ যাতে সমস্ত বেসরকারি কেবল অপারেটরদের প্যাকেজে থাকে, সেটা তারা নিশ্চিত করছে সরকার। স্বয়ম প্রভা হল মোট ৩২টি বিশেষ চ্যানেল যেগুলি উচ্চমানের শিক্ষা প্রদান করে টিভির মাধ্যমে (এডুকেশনাল টেলিভিশন)।

অল ইন্ডিয়া রেডিও ও কম্যুনিটি রেডিও-র মাধ্যমেও ক্লাস নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সমাজের সব শ্রেণির কাছে পৌঁছে যাওয়া যায়। এই পদ্ধতিতে বেশি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছানো সম্ভব বলে মনে করছে কেন্দ্র।

RELATED Articles

Leave a Comment