কাশ্মীরের কেরান গ্রামে মিলল পাঁচটি একে-৪৭, গ্রেনেড সহ বিপুল অস্ত্রশস্ত্র, গ্রেপ্তার এক

কাশ্মীরে জারি রয়েছে জঙ্গিদের নাশকতা। এবার তার মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তর কাশ্মীরের কেরান সেক্টর থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

বিশস্ত সূত্রে খবর পেয়েই কেরান গ্রাম এবং সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় কুপওয়ারা পুলিশ এবং ভারতীয় সেনার ৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস। কাশ্মীরে জোনের আইজি বিজয় কুমার জানান, ওই অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। একটা জায়গায় প্রচুর অস্ত্র স্তূপকারে রাখা ছিল। সেখান থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল, ১৫ টি একে ম্যাগাজিন, ৪৪৩ রাউন্ড গুলি, দুটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ৫৭ টি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের গ্রেনেড, ছ’টি নাইন এমএম পিস্তল, ১২টি নাইন এমএম পিস্তলের ম্যাগাজিন, ৭৭ টি নাইন এমএম পিস্তল রাউন্ড, ১৫ টি হ্যান্ড গ্রেনেড এবং দুটি একে স্লিং উদ্ধার করা হয়েছে।

কাশ্মীর জোনের আইজি আরও বলেন, ‘কুপওয়ারায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর সাথে যৌথ অভিযানের কারণে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলি কাশ্মীর উপত্যকায় যে অবৈধ অস্ত্র পাচার নাশকতা ছড়ানোর প্ল্যান করেছিল তা পুরোপুরি নস্যাৎ হয়েছে।’ এখন একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এদিকে, লস্কর-ই-তইবাকে সাহায্যকারী এক ব্যক্তিকে বারামুল্লা থেকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল। ইরফান আহমেদ ওয়ানি নামে ওই সন্ত্রাসবাদীদের গুপ্তচরের বাড়ি শাতলু রাফিয়াবাদে। তার থেকেও একটি চিনা পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment