এক কংগ্রেস নেতা তার ওপর আরোপ লাগিয়েছিল যে তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। অবশ্য তাঁকে উদ্ধৃত করে এক ঘনিষ্ঠ নেতা আগেই জানিয়েছিলেন, জীবনে তিনি কংগ্রেসের বিরুদ্ধে কোনও কাজ করেননি। এবার রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট নিজেই সর্বসমক্ষে এসে জানালেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না।
একটি বেসরকারি সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি না। আর যাঁরা বলছেন আমি বিজেপি দলে সামিল হচ্ছি তাঁরা আমায় গান্ধী পরিবারের সামনে ছোটো দেখাতে চাইছেন।’ পাশাপাশি সকাল ১১টার সময় যে সাংবাদিক বৈঠক তিনি ডেকেছিলেন, সেটিও বাতিল করে দিয়েছেন পাইলট।
গত কয়েকদিনের নাটকীয়তা মঙ্গলবার এক নতুন মোড় নেয়। পাইলটকে উপ-মুখ্যমন্ত্রিত্ব এবং রাজস্থানের প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়। সুরজেওয়ালা দাবি করেন, গত ৭২ ঘণ্টায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু রাজস্থান কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাকি তাদের সাথে যোগাযোগে উদ্যোগী নন।
সুরজেওয়ালা দাবি করেন, অনেক কম বয়সেই পাইলট রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। এমনকি তিনি সোনিয়ার অত্যন্ত স্নেহভাজনও ছিলেন। একসময় সোনিয়ার ‘আশীর্বাদধন্য’ আজ রাজস্থানের কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন তিনি, সাথে কয়েকজন মন্ত্রীর হাত রয়েছে। কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা সংবাদ মাধ্যমকে জানান,পাইলট এমন তিনটি শর্ত রেখেছেন, যা পূরণ করা অসম্ভব।





