ভারতে হাজার কোটির কেলেঙ্কারি এক চীনা নাগরিকের, ধরা পড়ল পুলিশের জালে

একেতেই বর্তমানে চীনের সঙ্গে ভারতের বিরোধিতা চরমে উঠেছে। হিন্দি চীনি ভাই ভাই কথাটা এখন অতীত। ভারতে একের পর এক চীনা অ্যাপ ব্যান করা হচ্ছে। চীনা সংস্থাকে টেন্ডার দেওয়া হচ্ছে না। তার উপর যে ঘরে থাকবো সেইখানে চুরি করবো কথাকে সত্যি করে এবার হাজার কোটি টাকার কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হলেন এক চীনা নাগরিক! ঘটনাটি ঘটেছে দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় বসে কোটি কোটি টাকা তছরুপ করছিল দিল্লির এই চীনা নাগরিক। অবশেষে আয়কর বিভাগের নজরে ঘটনাটি আসে এবং ওই ব্যক্তির বিভিন্ন অফিসে হানা দেওয়া হয়।

আয়কর বিভাগের দপ্তর থেকে জানানো হয়েছে যে দিল্লি এবং তার সংলগ্ন কিছু এলাকায় হাজার কোটি টাকার একটি বেআইনি হাওয়ালা চক্র চালাচ্ছিল চীনের কয়েকজন নাগরিক। মূল পান্ডা যে চীনা নাগরিক তার কাছে ভারতের ভুয়ো পাসপোর্টও রয়েছে। ওই চক্রটি ছোট ছোট আস্তানা তৈরি করে তার মাধ্যমেই হাওয়ালা চক্রটি চালাচ্ছিল।

মঙ্গলবার আয়কর দফতর থেকে দিল্লি, গুরুগ্রাম, গাজিয়াবাদ সহ এই চক্রের মোট বারোটি আস্তানায় হানা দেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে যে স্থানীয় কয়েকজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত যাদের মধ্যে কিছু ব্যাঙ্ক কর্মীও আছেন। এদের ঠিকানাতে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

আরও জানা গিয়েছে যে মূল পান্ডা চীনা নাগরিক সে মণিপুর থেকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে। প্রায় ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে হাওয়ালা চক্রটি চালাত সে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মামলাটি সম্ভবত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে যাবে।

এখন প্রশ্ন উঠছে অন্য জায়গায় যে, একজন চীনা নাগরিক ভারতে ঢুকে এত বড় হাওয়ালা চক্র চালাচ্ছে সেটা এতদিনে কারোর নজরে পড়লো না? নাকি এর পেছনে কোন বড় মাথাও জড়িয়ে রয়েছে? উঠছে এই সকল প্রশ্নই।

RELATED Articles

Leave a Comment