ক্যানসার কতটা মারণ রোগ তা খুব ভালো করেই জানেন যুবরাজ সিং। তাঁর নিজস্ব অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তাই সঞ্জয় দত্তের খবরটা পেয়েই চমকে উঠেছিলেন ভারতের এককালীন এই সেরা অলরাউন্ডার। তবে এই ক্রিকেট তারকার বিশ্বাস যে সঞ্জয় দত্ত ঠিক এই লড়াইয়ে জিতে যাবেন। সেই কামনা করেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন তিনি।
মঙ্গলবার রাতেই জানা যায় সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারের স্টেজ থ্রিতে রয়েছেন। তাই অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। চিকিৎসার জন্য যেতে পারেন আমেরিকায়। এদিকে গতকালই আবার রিলিজ হয়েছে সঞ্জয় দত্ত অভিনীত ‘সড়ক ২’-এর ট্রেলার। সব মিলিয়ে সঞ্জুবাবার অনুরাগীদের ভীষণ মন খারাপ।
এর মধ্যেই টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন যুবি। তিনি লেখেন, “আপনি একজন যোদ্ধা ছিলেন, আছেন এবং থাকবেন। আমি জানি এই সময়টা কতটা যন্ত্রণাদায়ক কিন্তু আমি এটাও জানি যে আপনি এই সময় শক্ত থাকবেন। কঠিন সময়টা ঠিক চলে যাবে। আপনার জন্য আমার প্রার্থনা ও শুভেচ্ছা রইল।”
আজ থেকে ৯ বছর আগে এরকমই পরিস্থিতিতে নিজে পড়েছিলেন যুবরাজ সিং। বাঁ দিকের ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর। পরে জানা যায় সেটা ক্যানসারে রূপান্তরিত হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। এমনকি ভারতীয় ক্রিকেট দলে কাম ব্যাক করেন। তাই তিনি বিশ্বাস করেন যে সঞ্জয় দত্তও পারবেন এই মারণরোগকে হারিয়ে দিয়ে ফের রুপোলি পর্দায় ফিরে আসতে।





