র্যাপিড অ্যান্টিবডি টেস্ট নিয়ে সব রাজ্যকেই এবার সতর্ক করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। আগামী দু’দিন র্যাপিড টেস্ট স্থগিত রাখতে বলল তারা। অবশ্য রাজস্থান নির্দেশিকা জারির আগেই ওই পরীক্ষা বন্ধ করেছে।
এর আগে রাজস্থান, পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্য র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের মান নিয়ে অভিযোগ তুলেছিল। রাজ্যগুলির দাবি ছিল, এই টেস্ট কিটগুলির রোগনির্ণয়ের ক্ষমতা অত্যন্ত কম। শতাংশের হিসাবে তা মাত্র ৫.৪। এর পরেই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইসিএমআর। কিটগুলি নিয়ে তদন্তও করবে সংস্থাটি।
পশ্চিমবঙ্গে সোমবার থেকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হয়। তবে আইসিএমআর-এর নির্দেশের আগেই মরুরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা টেস্ট বন্ধ করে দেন। এই ব্যাপারে আইসিএমআর-এর গাইডলাইনও চান তিনি। তাঁর মতে, এই ধরনের পরীক্ষায় চূড়ান্ত ভাবে রোগ ধরা যায় না। সেই জন্য প্রয়োজন পিসিআর পরীক্ষা।
র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে এ রাজ্যের গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির সদস্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলছেন, ‘‘কিছু কিট চিন থেকে এসেছে। তা খারাপ বেরিয়েছে। এগুলি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। তা রাখা হয়েছে কিনা জানি না।’’ এর পাশাপাশিই আবার তিনি বলছেন, ‘‘যে হেতু এ রাজ্যে উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি, তাই র্যাপিড টেস্ট ছাড়া আর কোনও উপায় নেই। এই টেস্টের মাধ্যমেই প্রাথমিক ভাবে ঝাড়াই বাছাই করা যাবে। এটা আসলে স্ক্রিনিংয়ের কাজ করবে।’’
আইসিএমআর যে সব কিট রাজ্যে পাঠিয়েছে, সেগুলিতে ত্রুটিযুক্ত বলে রাজ্যের তরফে আগেই অভিযোগ করা হয়েছিল। এ বার আইসিএমআর নিজেই আপাতত দু’দিন র্যাপিড টেস্ট বন্ধ রাখতে বলায় বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!