কেন্দ্রীয় দল রাজ্য পরিদর্শন করতে আসছে এই নির্দেশিকা পশ্চিমবঙ্গের মতো দেশের অন্যান্য রাজ্যেও একই সঙ্গে পাঠানো হয়েছিল। অন্য রাজ্য কাজে সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ তা করছে না। অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্তি সচিব অপূর্ব চন্দ্রের। তাঁদের হটস্পট এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারা গঠিত আইএমসিটি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। দেশের উদ্বেগজনক জায়গাগুলি ঘুরে দেখে কেন্দ্রীয় সরকারকে সেই রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব তাঁদের ওপর। আইএমসিটি প্রধান অপূর্ব চন্দ্র আরও বলেন ‘ ‘আমরা গতকাল সকালে এখানে এসেছি। তারপর থেকে আমরা সমানে সরকারকে আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করার কথা বললেও তারা তাতে কর্ণপাত করেননি। গোটা একদিনে আমরা শুধু নবান্ন আর নাইসেড ছাড়া অন্যত্র কোথাও যেতে পারিনি।’
তিনি আরও বলেন আইএমসিটির অন্য দলগুলি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-এর মতো অন্যান্য রাজ্য গিয়েছে পরিদর্শনের জন্য। সেখানে তাঁরা সরকারের পুরোপুরি সমর্থন পাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো তাঁদেরও একই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মতো অসহযোগিতা কোনও রাজ্য করেনি’ বলে অভিযোগ তাঁর। কেন্দ্রীয় দল রাজ্য সরকারকে আশ্বস্ত করেছিল রাজ্যের কর্মকর্তাদের সঙ্গেই তাঁরা জেলাগুলি ঘুরে দেখবেন কিন্তু তারপরও তাঁদের কাজে বাধা দেওয়া হয়।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইট করে জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় পরিদর্শক দলের আসার যৌক্তিকতা। মুখ্যসচিব রাজীব সিনহাও আসল কারণ জানতে চেয়েছিলেন। প্রথম থেকে তাই বোঝাই গিয়েছিল কেন্দ্রীয় দল রাজ্যে এলে অসহযোগিতাই করবে রাজ্য সরকার।





