গত ২২ জানুয়ারি ছিল ভারতের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ দিন। এদিন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। ৫০০ বছর পর অবশেষে নিজের জন্মভূমিতে প্রবেশ করেন রামচন্দ্র। অযোধ্যা জুড়ে এদিন পালিত হয় অকাল দীপাবলি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যার রামমন্দিরের রামলালার মূর্তিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। মন্দিরের গর্ভগৃহে পাঁচ বছরের বালকের ন্যায় অধিষ্ঠান করছেন রামলালা। সেই মূর্তির চোখে-মুখে ফুটে উঠেছে শিশুসুলভ অভিব্যক্তি। সোনা, হিরে, নানান মণিমুক্তের অলঙ্কারে সেজে উঠেছেন রামলালা। রামলালার সেই রূপ দর্শন করার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে অযোধ্যার রামমন্দিরে।
জানেন, কত কেজি সোনা রয়েছে রামলালার গায়ে?
রামলালার গা ভর্তি গয়না। হিরে, মণিমুক্ত খচিত সেই গয়না অপরূপ শোভা পাচ্ছে রামলালার গায়ে। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ১৫ কেজি সোনা রয়েছে রামলালার গায়ে। ১৮ হাজার হিরে, পান্না খচিত রয়েছে এই গয়নায়। রামলালার শরীরের গয়নাগুলির নকশা যে একেবারে অন্যরকম, শুধু তাই-ই নয়, সেই গয়নাতে রামায়ণের নানান শ্লোকও খচিত করা রয়েছে।
কী কী গয়না রয়েছে রামলালার গায়ে?
ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালার গায়ে যে সমস্ত গয়না রয়েছে, তা সবই সোনার। সেই গয়নার উপর হিরে, পান্না, ও বহুমূল্য রত্ন দিয়ে খচিত রয়েছে। জানা গিয়েছে, রামলালার মূর্তিতে মোট ১৪টি গয়না পরানো রয়েছে। মূর্তির মাথায় রয়েছে সোনা-হিরের মুকুট, কপালে রয়েছে হিরে খচিত তিলক, গলায় চারটি নেকলেস, হাতে বাজুবন্ধ, দুই পায়ে তোড়া, বিজয় মালা ও দুটি আংটি।
কোথায় বানানো হয়েছে এই গয়না?
জানা গিয়েছে, লখনউয়ের হর্ষমল শ্য়ামলাল জুয়েলার্সকে রামলালার গয়না বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মাত্র ১২ দিনেই সমস্ত গয়না তৈরি করা হয়েছে। রামলালার মূর্তিতে সবথেকে আকর্ষণীয় হল তাঁর মাথার মুকুট। যেভাবে বাচ্চাদের পাগড়ি পরানো হয়, ঠিক সেই নকশাতেই তৈরি হয়েছে সেই মুকুটটি। এই মুকুটের ওজন ১.৭ কেজি। তা তৈরি হয়েছে ২২ ক্যারেট সোনা দিয়ে। রামলালার তিলকে বসানো রয়েছে ১৬ গ্রাম হিরে।





