করোনার গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে ২১ দিনের লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আগামী ৩রা মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাঁর কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বিবৃতি জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৩ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এক হাজার ২১১ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৩১ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৩৯-এ। পাশাপাশি এখনও পর্যন্ত এক হাজার ৩৫ জন মানুষ সুস্থও হয়ে উঠেছ।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, পুরো দেশে এখনও পর্যন্ত দু লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ হাজার ৩৬৩ জনের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর মধ্যে করোনার প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে মহারাষ্ট্রের। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে মোট ২ হাজার ৩৩৪ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আর মৃত্যু হয়েছে ১৬০ জনের। তালিকায় এর পরেই নাম রয়েছে দিল্লির। সেখানে এখনও পর্যন্ত ১৫১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮ জনের।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রতিটি জেলা ও নগরীর একটি মূল্যায়ন ২০শে এপ্রিল অবধি করা হবে। যাতে করে এই শহর ও জেলাগুলি কোভিড -১৯ মোকাবিলায় কী রকম ব্যবস্থা নিয়েছিল তা খতিয়ে দেখা হবে।





