পথ কুকুরদের প্রতি নানান অত্যাচারের ঘটনা, তাদের নৃশংসভাবে হত্যার ঘটনা হামেশাই শোনা যায়। কত নিরীহ প্রাণকে বিনা দোষে মেরে ফেলা হয়। তা নিয়ে প্রতিবাদও হয় নানান সময়। তবে পথকুকুরদের কামড়ে যে কত মানুষের প্রাণ যায়, সেই সংখ্যাও কিন্তু বেশ উদ্বেগজনক।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, দেশে প্রতি ঘণ্টায় ৩৫০ জন মানুষ কুকুরের কামড়ের শিকার হন। রিপোর্টের তথ্য বলছে, ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে কুকুরে কামড়ানোর হার দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে প্রতি ঘণ্টায় কুকুরের কামড়ের সংখ্যা যেখানে ছিল ১৯৫, সেটাই ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫০-তে।
স্বাস্থ্য মন্ত্রকের এই রিপোর্ট জানাচ্ছে, ২০২৩ সালে গোটা দেশের ৩০ লক্ষ ৪৩ হাজার মানুষ কুকুরের হামলার মুখে পড়েছে। এদের মধ্যে ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এই রিপোর্টের তথ্যে এও জানানো হয়েছে, গত বছরে ৪৬ লক্ষ ৫৪ হাজার অ্যান্টি-র্যাবিস টিকাও দেওয়া হয়েছে। তবে কুকুরে কামড়ানোর হার বাড়ছে দিনদিন।
স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু এরপরও যে হারে বছর বছর কুকুরে কামড়ানোর হার বেড়ে চলেছে, তা বেশ উদ্বেগের কারণ।
বলে রাখি, টিকাকরণ তো বটেই এরই সঙ্গে কুকুরের জন্ম নিয়ন্ত্রণ করাও এই ঘটনা থেকে মুক্তির অন্যতম উপায়। স্থানীয় প্রশাসনের তরফে এমন উদ্যোগ নেওয়াও হচ্ছে। কিন্তু তাতেও সেভাবে আশানুরূপ ফল যে মিলছে না, তা স্বাস্থ্য মন্ত্রকের এই রিপোর্ট থেকে স্পষ্ট।





