করোনার স্পর্শে থরথর করে কাঁপছে বিশ্ববাসী। মূলত চীন এই ভাইরাসের উৎসস্থল হওয়ায় বিপাকে পড়েছে ব্যবসা বাণিজ্য। কারণ অধিকাংশ দ্রব্যের কাঁচামাল সরবরাহ করে চীন। এখন চীন থেকে কোনো দেশেই কিছু আমদানি রপ্তানি হচ্ছে না। ভারতে তৈরি হওয়া অধিকাংশ জিনিসের কাঁচামাল আসে চীন থেকে। করোনার জেরে আমদানি সম্পূর্ণ বন্ধ হওয়ায় লাটে উঠেছে বাণিজ্যশিল্প। ভারতে মোবাইল ফোন তৈরির কাঁচামাল এখন বাজারে অমিল। এরমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, জিএসটি কাউন্সিল মোবাইল ফোনের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্বাভাবিকভাবেই এতে দাম বাড়বে মোবাইল ফোনের।এতে সাধারণ মানুষের উপর বোঝা বাড়বে। মোবাইল ফোনের বিক্রি কমতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন্দ্রের এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে ফোন নির্মাতাদের। জিএসটি বাড়ায় সমস্যা হবে বলে মনে করছেন তারা। তারা কাঁচামালের উপর থেকে কর কমানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবি মানল না জিএসটি কাউন্সিল। এর ফলে জুন মাসে শেষ হতে চলা ত্রৈমাসিকে মোবাইল ফোনের বিক্রি ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





