জম্মু কাশ্মীরে ফের ঘটল সেনা-জঙ্গি সংঘর্ষ। শুক্রবার ভারতীয় সেনা বারামুলা জেলার রফিয়াবাদে এনকাউন্টারে খতম করল এক জঙ্গিকে। আশঙ্কা করা হচ্ছে, রফিয়াবাদের ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। পুলিশ আর সেনাবাহিনী গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।
মৃত জঙ্গির নাম মুদাসির আহমেদ বাট বলে জানা গিয়েছে। মুদাসির আট দিন আগেই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল। সম্প্রতি ওই এলাকায় পাঁচ যুবক কয়েকদিন ধরে নিখোঁজ হয়েছিল। ওই যুবকদের পরিজনরা স্থানীয় পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল। মুদাসির এই পাঁচজনের মধ্যেই একজন বলে সূত্রানুসারে জানা গিয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরই শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে। তল্লাশির সময় জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়, তখন তারা সেনাবাহিনীর উপর গুলি চালানো শুরু করে। এরপরই সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়, তারপর এনকাউন্টারের জায়গা থেকে এক জঙ্গির দেহ উদ্ধার হয়। যদিও সেনাবাহিনীর আশঙ্কা সেখানে আরও জঙ্গি থাকতে পারে। ওই জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশিতে প্রধান মার্গে নাকা চেকিং লাগানো হয়েছে। এছাড়াও গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান জারি রয়েছে।





