নীতিশ কুমার-চন্দ্রবাবু নাইডু দুই ‘পাল্টুরামকে’ জোটে টানতে বড় ‘অফার’ ইন্ডি জোটের, সরকার কী গঠন করতে পারবে না NDA?

আপাতত ভারতের রাজনীতিতে দুই রাজনীতিকের উপর নজর রয়েছে সকলের। তারা হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাদের সমর্থিত দুই দল হল জনতা দল ইউনাইটেড বা জেডিইউ ও তেলেগু দেশম পার্টি বা টিডিপি। এই দুই দলকে এই মুহূর্তে নিজেদের দিকে টানতে মরিয়া ইন্ডি জোট।

জেডিইউ ও টিডিপি এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হয়ে লড়েছে। এবারের লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জিতেছে এনডিএ জোট। যা সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই বেশি। এর মধ্যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের দখলে গিয়েছে ৩০টি আসন। টিডিপি পেয়েছে ১৬টি আসন ও নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে বাকি। ফলে এই ৩০টি আসন যদি এনডিএ থেকে ইন্ডি জোটে চলে যায়, তাহলে সরকার গঠনের ক্ষেত্রে বেশ চাপের মুখে পড়তে হবে এনডিএ-কে।

এদিকে শোনা যাচ্ছে, ইন্ডি জোটের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। তাদের বিশেষ অফারও দেওয়া হয়েছে ইন্ডি জোটে যোগ দেওয়ার জন্য। সূত্রের খবর, ইন্ডি জোটের তরফে নীতিশ কুমারকে উপ-প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে জেডিইউ ও টিডিপি ইন্ডি জোটে যোগ দিলে যে তারাই সরকার গড়বে, তা বলাই বাহুল্য। ফলে সেই কারণেই এই প্রস্তাব নীতিশকে।

অন্যদিকে এও জানা গিয়েছে, কংগ্রেসের তরফে চন্দ্রবাবু নাইডুকেও দেওয়া হয়েছে এক বিশেষ প্রস্তাব। অন্ধ্রপ্রদেশকে বিশেষ শ্রেণীর মর্যাদার রাজ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। এর আগে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন অন্ধ্রপ্রদেশকে ৫ বছরের জন্য বিশেষ শ্রেণীর মর্যাদার রাজ্য ঘোষণা করার কথা জানিয়েছিলেন।

অন্যদিকে, বিজেপি ক্ষমতায় আসার আগে এই একই প্রতিশ্রুতি দিয়েছিল। ১০ বছরের জন্য অন্ধ্রপ্রদেশকে বিশেষ শ্রেণীর মর্যাদার রাজ্য ঘোষণা করা হবে বলেছিল গেরুয়া শিবির। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেও তা কার্যকর হয়নি। এদিন সেকথাও টুইটের মাধ্যমে জানান জয়রাম রমেশ।

নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এই দুই নেতারই পাল্টি খাওয়ার আলাদা ইতিহাস রয়েছে। একাধিকবার তারা এনডিএ জোটে যোগ দিয়েছেন আবার ছেড়েছেন। ফলে ইন্ডি জোটের তরফে এমন প্রস্তাব পেয়ে তারা যদি ফের পাল্টি খেয়ে এনডিএ জোট ছাড়েন, তাহলে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া যে বিশ বাঁও জলে যেতে চলেছে, তা বলাই বাহুল্য।  

RELATED Articles