আজ, ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল। ‘আব কি বার, ৪০০ পার’, এই মূলমন্ত্র নিয়েই লোকসভা নির্বাচন জেতার বীজ বপন করেছিল বটে বিজেপি সরকার। তবে সেই অঙ্ক ছুঁতে পারে নি এনডিএ জোট। ২৯৩টি আসনে জয়ী হয়েছে এনডিএ জোট। এই জয়ের জন্য এবার দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের কেন্দ্র বারাণসী থেকে ১ লক্ষেরও বেশি ভোটে জিতেছেন নরেন্দ্র মোদী। এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদী। এনডিএ জোটের উপর তৃতীয়বারের জন্য বিশ্বাস রাখার সকলকে ধন্যবাদ জানালেন তিনি।
এদিন এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “মানুষ তৃতীয়বারের জন্য এনডিএ-র উপর নিজেদের আস্থা রেখেছেন। এটি ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এই ভালোবাসার জন্য আপামর জনতাকে আমার প্রণাম। আমরা সকলকে আশ্বস্ত করছি যে শেষ দশকের মতোই আমরা সকলের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হব ও নতুন উদ্যমে এগিয়ে যাব। নিরলস পরিশ্রমের জন্য সমস্ত কার্যকরতাদের আমার কুর্ণিশ। তাদের এই প্রচেষ্টাকে কোনও শব্দ দিয়ে ধন্যবাদ জানানো যাবে না”।
https://x.com/narendramodi/status/1797990498554048771?t=P8gRuKZws829wpvVUG38bA&s=19
এক্সিট পোলের অঙ্ক না মিললেও ম্যাজিক সংখ্যা পার করে ফেলেছে এনডিএ জোট। ফলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বিজেপি বসতে কোনও বাধা নেই। তবে সবকিছুর মধ্যেও বাধা হয়ে দাঁড়িয়েছে নীতিশ কুমারের সরকার। ইন্ডি জোটের তরফে যোগাযোগ করা হয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। তারা যদি ইন্ডি জোটে যোগ দেন, তাহলে সরকার গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে এনডিএ।






