গতকালই বিশ্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল ভারত। গতকাল দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। আর আজ, সেই সংখ্যাও ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু হারও। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের।
গতকালের পরিসংখ্যানের থেকেও আজকের পরিসংখ্যান ১৭ হাজার বেশি। এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫-এ। মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯২০।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে ওঠার সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। কিন্তু এই সংখ্যা দৈনিক সংক্রমণের সংখ্যার চেয়ে অনেক কম। এর জেরে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ছে দুরন্ত গতিতে। সব মিলিয়ে এখন দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬।
ভারত এই মুহূর্তে করোনায় আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় ও মোট মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশের নানান প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বেড থেকে শুরু করে অক্সিজেন, চিকিৎসক সবকিছুরই অভাব ঘটছে। পরিষেবার অভাবেই মারা যাচ্ছেন একাধিক রোগী। এভাবে চলতে থাকলে দৈনিক সংক্রমণের হার ৫ লক্ষে পৌঁছে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর জেরে বিপদে পড়বে বিপুল সংখ্যক মানুষ।






