করোনার নতুন উপকেন্দ্র হতে পারে ভারত, আশঙ্কা বিশেষজ্ঞদের

চীন কিছুটা হলেও করোনা হানা আটকাতে পেরেছে, করোনা সংক্রমণের উপকেন্দ্র এখন ইউরোপ। সেখানে চলছে মৃত্যু মিছিল। প্রতি ২৪ ঘন্টায় মারা যাচ্ছেন শতাধিক মানুষ। তবে দ্রুত এই উপকেন্দ্র বদলে যেতে পারে। করোনার নতুন উপকেন্দ্র  হয়ে উঠতে পারে ভারত। এমনই ভয়ঙ্কর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের আরও আশঙ্কা, এশিয়ার অন্যান্য প্রান্তে যেভাবে করোনার সংক্রমণ আটকানো গিয়েছে সেই প্রক্রিয়ায় ভারতে সংক্রমণ রোখা যাবে না। তার অন্যতম কারণ, এ দেশের জনঘনত্ব। জনসংখ্যায় চীনের থেকে পেছনে হলেও জনঘনত্বে ভারত অনেক এগিয়ে। ফলে সামাজিকভাবে বিচ্ছিন্ন রাখার প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৬৬। কিন্তু ১৫ এপ্রিলের মধ্যে এই সংখ্যা দশগুণ বেশি হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও এ দেশে এখনও ‘Community transmission’ শুরু হয়নি। সরকারের ধারণা, সামাজিক মেলামেশা বন্ধ করে ‘Community transmission’ সহজেই এড়ানো যাবে। কিন্তু বিষয়টা কি এতটাও সহজ? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতের জীবাণু নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন চিকিৎসক টি জ্যাকব জন। তিনি বলেন, “কিছুদিনের মধ্যে আক্রান্তের সংখ্যাটা দশগুণ বেশি হতে চলেছে। ভারত এটা বুঝতে পারছে না, এটা আসলে ধসের মত। হুড়মুড়িয়ে ভেঙে পড়বে সব প্রতিরোধ। সময় যত গড়াবে তত পরিস্থিতি খারাপ হবে।”

বিদেশে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রোগের সংক্রমণ আটকানো কিছুটা সম্ভব হয়েছে। ভারত সরকারও সেই সমস্ত ব্যবস্থা নিয়ে ফেলেছে। বন্ধ করা হয়েছে স্কুল-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সিনেমা হল-শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী জমায়েতের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। রোগের উপসর্গ মিললেই পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে।

বিশেষজ্ঞরা বলছেন, এ দেশে কোয়ারেন্টাইন বা সামাজিকস্তরে মেলামেশা আটকানো সম্ভব নয়। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে ৪২০ জন নাগরিক বাস করে। ফলে সামাজিক বিচ্ছিন্নতা কার্যত অসম্ভব। কী করে আটকানো যাবে মেলামেশা? সমাজের মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের মধ্যে মেলামেশা আটকানো গেলেও নিম্নবিত্ত সম্প্রদায়ের মধ্যে সেই মেলামেশা আটকানো কার্যত অসম্ভব। তারা এখনও রোগের ভয়াবহতা নিয়ে বিন্দুমাত্র সচেতন নন।

ভারতে বেশিরভাগ নিম্নবিত্ত পরিবারের বাড়ি একেবারে ঘেঁষাঘেষি করে রয়েছে। বস্তি এলাকায় ঘিঞ্জি পরিস্থিতি। এমনকি বড় বড় শহরেও গায়ে লাগানো বাড়ি। কতজনকে কোয়ারেন্টাইন করবেন? আর তাই  ভারতের পরিস্থিতি চীনের চেয়েও ভয়ঙ্কর হতে পারে,এখনও সতর্ক না হলে ভারতে মহামারির আকার ধারণ করতে পারে করোনা‌, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও অন্যান্য খবর