শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকাল চারটা নাগাদ তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন করোনা পরিস্থিতি মোকাবিলার পন্থা আলোচনা করতে। এমনিতেও বুধবার করোনা ভাইরাস নিয়ে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতে বর্তমান পরিস্থিতি নিয়ে। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৬, মৃত্যু হয়েছে ৪ জনের।

ভারতে পরিস্থিতি ক্রমশ সঙ্গীন হচ্ছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারে বেশ উদ্বিগ্ন। করোনা রুখতে বদ্ধপরিকর ভারত সরকার স্থানীয় কমিউনিটি, সংস্থা ও ইন্ডিভিজুয়াল সবাইকে মিলেমিশে কাজ করতে পরামর্শ দিয়েছেন। গত রবিবার SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী। আপৎকালীন তহবিলে ১০ মিলিয়ন ডলার দানও করেছেন তিনি।

এদিকে বর্তমানে কী অবস্থা দেশে? বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জন। বৃহস্পতিবার পাঞ্জাবে মৃত্যু হয়েছে একজনের। ভারতে করোনাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪। আক্রান্তদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক। ইতালির ১৭ জন, ফিলিপিন্সের ৩ জন, ইউকের দুজন, কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের একজন করে রয়েছেন এই ২৫ জনের মধ্যে। ভারতে যে চারটি মৃত্যু হয়েছে সেগুলি হয়েছে দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও পাঞ্জাবে।

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ জন, কেরালাতে ২৭ জন আক্রান্তের সন্ধান মিলেছে। দিল্লিতে ১২ জন, উত্তরপ্রদেশে ১৭ জন, কর্ণাটকে ১৪ জন, লাদাখে ৮ জন, জম্মু কাশ্মীরে ৪ জন আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানা, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুতে যথাক্রমে ৬, ১৭, ৭ এবং ২ জন আক্রান্ত হয়েছেন।  অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরি, চন্ডীগড়ে ১ জন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

RELATED Articles

Leave a Comment