বিশ্ব অর্থনীতির পালা বদলের সঙ্গে সঙ্গে বাণিজ্যের মঞ্চেও দেখা যাচ্ছে টানাপোড়েন। বড় বড় দেশগুলির কূটনৈতিক টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে আমদানি-রফতানিতে। এমন অবস্থাতেই ভারতের সামনে এসেছে এক নতুন চ্যালেঞ্জ। সম্প্রতি আমেরিকা হঠাৎই শুল্ক বাড়িয়ে দেওয়ায় ভারতীয় বাজারের ওপর তৈরি হয়েছে প্রবল চাপ। বিশেষত বস্ত্র শিল্পের মতো বড় সেক্টরকে সামনে রেখে এই ধাক্কা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এর ফলে ভারতের বস্ত্র ছাড়াও গহনা, চামড়াজাত পণ্য, সামুদ্রিক মাছ, জুতো ও কেমিক্যাল রফতানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারি অনুমান অনুযায়ী, মোট ৪৮ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৮০ কোটি ডলারের বাণিজ্য ক্ষতি হতে পারে। শুধু বস্ত্র খাতই নয়, বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ জোগানো অন্যান্য শিল্পগুলিও এ সিদ্ধান্তে ভুগতে বাধ্য হবে।
তবে চুপ করে বসে নেই ভারত। নয়া দিল্লি ইতিমধ্যেই বিকল্প খোঁজা শুরু করেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আমেরিকার বিকল্প হিসাবে অন্তত ৪০টি দেশের সঙ্গে ভারত আলোচনা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, রাশিয়া, বেলজিয়াম এবং সংযুক্ত আরব আমিরশাহি। লক্ষ্য একটাই ভারতের বস্ত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা।
বর্তমানে ভারত বিশ্বের ২২০টি দেশে রফতানি করে। তবে এর মধ্যে ৪০টি দেশকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, যাদের বাজারমূল্য প্রায় ৫৯০ বিলিয়ন ডলার। এই বিশাল বাজারে ভারতের অংশীদারিত্ব এখনও মাত্র ৫-৬ শতাংশ। সরকার চাইছে, সেই অংশ আরও বাড়াতে। বস্ত্র রফতানিকে শুধু পরিমাণে নয়, গুণমানে এবং উদ্ভাবনী চিন্তায় এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত।
আরও পড়ুনঃ Weather: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ
২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের বস্ত্র খাতের আয় দাঁড়িয়েছিল ১৭৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ৩৭ বিলিয়ন ডলারই এসেছে আমেরিকার বাজার থেকে। তাই শুল্কের কারণে বড় ধাক্কা আসলেও, বিকল্প বাজারে প্রবেশ করতে পারলে ভারতের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বস্ত্র রফতানিকারক দেশ হিসেবে ভারত এখন এক নতুন কৌশল নিয়ে এগোচ্ছে যেখানে নির্ভরশীলতা কমবে একক বাজারের উপর, আর তৈরি হবে আরও বহুমুখী আন্তর্জাতিক বাণিজ্য কাঠামো।





