নতুন ১১টি সুপার কম্পিউটার বানাচ্ছে ভারত, যা টেক্কা দেবে বিশ্বপ্রযুক্তিকে

“ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে”- গানের এই লাইনটি বোধহয় খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। প্রযুক্তির দিক থেকে ভারতে লেখা হতে চলেছে এক উজ্জ্বল ইতিহাস। ‘প্রত্যুষ’ ও ‘মিহির’ এর পর নতুন করে ১১টি সুপার কম্পিউটার বানাতে চলেছেন দেশের সেরা প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা।  ‘ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন’ (NSM)-এর আওতায় ২০১৫ সাল থেকে আরও তিনটি সুপার কম্পিউটার টেক্কা দিচ্ছে চিন, জাপান, আমেরিকা ও ফ্রান্সকে। এবার এই নতুন সুপার কম্পিউটারগুলি নিয়েও আলোচনা চলছে বিশ্বপ্রযুক্তি মহলে।

হাই পারফরম্যান্স কম্পিউটিং-এ (HPC) এমনিও বেশ সামনের দিকেই আছে ভারত। বিশ্বের দ্রুততম কম্পিউটারের তালিকায় এর মধ্যেই পাকাপাকি জায়গা করে নিয়েছে ভারতের দুই সুপার কম্পিউটার ‘প্রত্যুষ’ ও ‘মিহির’। সূত্র মতে, চলতি বছরের শেষে অথবা আগামী বছর মার্চের মধ্যেই  বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, আইআইটি-কানপুর ও আইআইটি হায়দরাবাদে বসানো হবে এই সুপার কম্পিউটারগুলোকে।

এই মিশনের নাম দেওয়া হয়েছে,ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন। ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক (MeitY) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (DST) উদ্যোগে এই মিশন বাস্তবায়িত হচ্ছে। এতে সামিল হয়েছে পুণের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC) এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc)। সূত্রের খবর, প্রযুক্তির উন্নয়নে কেন্দ্রের তরফে ৭৫০.৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৫ সালে শুরু হওয়া এই মিশনের অন্তর্গত প্রথম তিনটি সুপার কম্পিউটার দেশের চারটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে বসানো হয়েছে। প্রথমটি হল, ‘পরম শিবায়’ যা ইনস্টল করা হয়েছে বারাণসীর আইআইটি ও বিএইচএউতে। গত বছর ফেব্রুয়ারিতে এই সুপার কম্পিউটার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৩৭ টেরাফ্লপ ক্যাপাসিটির এই সুপার কম্পিউটার তৈরিতে খরচ পড়েছিল ২৩ কোটি ৫০ লক্ষ টাকা।

দ্বিতীয় সুপার কম্পিউটারের ক্যাপাসিটি ১.৬৬ পেটাফ্লপ। এটি বসানো আছে আইআইটি খড়গপুরে। এটি বানাতে খরচ পড়েছিল ৪৭ কোটি টাকা।

তৃতীয় সুপার কম্পিউটারের নাম ‘পরম ব্রহ্ম’ , এটি  ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) পুণেতে ইনস্টল করা হয় গত বছর সেপ্টেম্বরে। ৭৯৭ টেরাফ্লপের এই হাই ক্যাপাসিটি সুপার কম্পিউটার তৈরিতে খরচ পড়েছিল ৯৭ কোটি টাকা।

গত বছর পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরিওলজিতে  (আইআইটিএম) ‘মাল্টি-পেটাফ্লপ’ সুপার কম্পিউটার ‘প্রত্যুষ’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন। অন্যদিকে নয়ডার ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টে বসানো হয়েছে সুপার কম্পিউটার ‘মিহির’কে। ‘প্রত্যুষ’ ও ‘মিহির’ ভারতের এই দুই সুপার কম্পিউটারের সর্বোচ্চ গতি ৬.৮ পেটাফ্লপ। পুণের ৪.০ পেটাফ্লপ ইউনিটে বসানো আছে ‘প্রত্যুষ’ এবং নয়ডার ২.৮ পেটাফ্লপ ইউনিটে রয়েছে ‘মিহির’।

এই দুই সুপার কম্পিউটার এর মূল কাজ হল আবহাওয়া ও জলবায়ুর গতিপ্রকৃতি বর্ণনা করা। বৃষ্টি, সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বাতাসের গতিবেগ, বজ্রপাত, বন্যা, খরা, ঠান্ডা-গরম সমেত যে কোনও বিষয়ে  উন্নত পূর্বাভাস দিতে সক্ষম এই দুই সুপার কম্পিউটার।

ভারতের আরও চারটি সুপার কম্পিউটার হল সহস্রা (XC40), আদিত্য, টিআইএফআর কালার বোসন, আইআইটি দিল্লি এইচপিসি। খুব তাড়াতাড়ি এই তালিকায় সংযোজন হতে চলেছে আরও ১১টি সুপার কম্পিউটারের।

সর্বোচ্চ গতি ও হাই পারফরম্যান্স কম্পিউটিং ফেসিলিটির ৭০টি সুপার কম্পিউটার বসানোর মতো জায়গা ও নেটওয়ার্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে দেশের নামীদামি আইআইটি,  ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি(এনআইটি)গুলিতে ।

আরও অন্যান্য খবর