উত্তেজনা উত্তর সিকিম সীমান্তে, ভারতীয় জওয়ানদের হাতে জখম চীনের ৭ সেনা

করোনার এই দুর্দিনেও ভারতের প্রতিবেশী রাষ্ট্রেরা যেন ভারতকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দিতে প্রস্তুত। অবশ্য ভারতের বুকে যে করোনা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে তারও উৎসস্থল সেই চীনই। এরপর আবার নতুন বিপর্যয় ডাকছে চীন। দেশের এই সংকটকালীন পরিস্থিতির মধ্যেই ভারত-চীন সীমান্তে এবার সংঘাতের খবর পাওয়া গেল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, উত্তর সিকিম সীমান্ত উত্তপ্ত হয়েছিল। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে উঠলে দু-পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

ওই আধিকারিক জানিয়েছেন, নাকু-লা সেক্টরের কাছে (মুগুথাঙের আগে) ভারত ও চীনের সেনারা সংঘাতে জড়ান। ওই এলাকার উচ্চতা ৫,০০০ মিটারেরও বেশি। সেই স্থানে প্রায় ১৫০জনের মধ্যে লড়াই বাঁধে। তবে আগ্নেয়াস্ত্র নয়, ঘুষি এবং হাতাহাতিতেই আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন জওয়ান। এই ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জওয়ানের মধ্যে এই হাতাহাতির ঘটনায় চার ভারতীয় জওয়ান এবং সাত চীনা জওয়ান আহত হয়েছেন।’

সীমান্তবর্তী এলাকায় দু’দেশের মধ্যে সংঘাত হওয়াটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। ২০১৭ সালের অগাস্ট মাসে লাদাখের প্যাংগং লেকের কাছে দু’দেশের সেনা একে ওপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। সেই সময় একে অপরকে লক্ষ্য করে তারা পাথরও ছুঁড়েছিলেন। এমনকি সেইসময় হাতাহাতিও হয়েছিল দুই পক্ষের মধ্যে। সেই সময়ে এমনিতেই ডোকলাম নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তার ওপর সীমান্তে সেনার হাতাহাতির ঘটনা যেন সেই উত্তেজনার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছিল।

RELATED Articles

Leave a Comment