আজ ৭৪তম জাতীয় সেনা দিবস। এদিন এক অনন্য ছবির সাক্ষী থাকল দেশবাসী। এদিন রাজস্থানের জয়সলমীরে ২২৫ ফুটের খাদি কাপড়ের তৈরি জাতীয় পতাকা তুলে ধরল ভারতীয় সেনা। আজ, ১৫ই জানুয়ারি অন্যান্য বছরের মতোই পালিত হয় জাতীয় সেনা দিবস।
এই ঐতিহাসিক দিনে ভারতীয় সেনার সমস্ত বিভাগীয় প্রধান দিল্লির ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে হাজির ছিলেন। সেনা দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তারা। আর এদিকে রাজস্থানের জয়সলমীরে উন্মোচিত হয় এই বিশেষ পতাকা।
১৯৭১ সালে রাজস্থানের জয়সলমিরের লঙ্গেওয়ালাতে ঐতিহাসিক এক যুদ্ধে ভারত মুখোমুখী হয়েছিল প্রতিবেশী দেশের সঙ্গে। পাকিস্তান সীমান্ত লাগোয়া লঙ্গেওয়ালার মরুপ্রান্তরে এদিন দেশের ২২৫ ফুট জাতীয় পতাকাকে সগর্বে তুলে ধরে ভারতীয় সেনা আরও এক গর্বের অধ্যায় উন্মোচিত করল। যুদ্ধে শহিদ সেনা জওয়ানদের আত্মত্যাগকে আরও গৌরবময় করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গান্ধী জয়ন্তীর দিন লেহ্তে এই বৃহত্তম জাতীয় পতাকা উন্মোচিত করা হয়। ২০২১ সালে হিন্দোন বিমানবন্দরে তা তুলে ধরা হয়। এরপর আবার ২১শে অক্টোবর লালকেল্লায় খদি কাপড়ের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছিল। আবার ৪ই ডিসেম্বর নৌসেনা দিবসেও এই পতাকা তুলে ধরা হয়।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই পতাকার দৈর্ঘ্য ২২৫ ফুট ও এই পতাকা চওড়ায় ১৫০ ফুট। এর ওজন ১৪০০ কিলোগ্রাম। জাতীয় পতাকার মাঝে যে অশোক চক্রটি রয়েছে তার আয়তন ৩০ ফুট।
গ্রামীণ শিল্পকে ধরে রাখতে ও মূলত দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা ‘আজাদিকে অমৃত মহোৎসব’-এর আওতায় এই জাতীয় পতাকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ৭০ জন খাদি শিল্পী মিলে ৪৯ দিন ধরে এই কর্মকাণ্ডকে বাস্তবের রূপ দিয়েছেন।





