দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। গোটা দেশে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতির। এই সময় ট্রেন পরিষেবা চালু রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার এই সংশয় আরও কিছুটা বাড়ল। ভারতীয় রেলের তরফে আজ, মঙ্গলবার একসঙ্গে ৪০টি ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে করোনার বাড়বাড়ন্তের কারণে এই ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা অনেক কমে গিয়েছে। তাই কম যাত্রীর কারণেই পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই ৪০টি ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে।


আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী
কিন্তু, এই ট্রেন বাতিলের ফলে এই রাজ্যের যাত্রীদের নতুন করে সমস্যায় পড়ার কথা নয়। কারণ অধিকাংশ ট্রেনই বাতিল হয়েছে উত্তর-পশ্চিম রেলের। এর মধ্যে কিছু ট্রেন আংশিক সময়ের জন্য বাতিল করা হলেও, অধিকাংশই বাতিল করা হয়েছে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ধাক্কা আঘাত হানার পরই শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে বহু চালক এবং গার্ড আক্রান্ত হয়েছেন। যার জেরে এই দুই শাখাতেই প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
শিয়ালদহ ও হাওড়ার শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়ে যাওয়ায় যাত্রীমহলে আশঙ্কা তৈরি হয় যে প্যাসেঞ্জার ট্রেনও হয়ত বন্ধ হয়ে যাবে। এবার উত্তর-পশ্চিম রেলের ৪০টি ট্রেন বাতিলের খবর আসায় সেই আশঙ্কা সত্যি হতে পারে বলে অনেকেরই ধারণা। তবে রেলের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে ট্রেন পরিষেবা কোনওভাবেই পুরোপুরি বন্ধ হবে না।
আরও পড়ুন- ‘টিকা নিতে নয়, করোনার চাষ করতে এসেছি’, টিকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ মানুষের
গত রবিবার রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা জানিয়েছেন, রেলকর্মীদের বড় অংশ কোভিডে আক্রান্ত তবুও রেল বন্ধ হবে না। এ নিয়ে কোনও রাজ্য এখন পর্যন্ত কোনও বার্তা দেয়নি। ফলে পরিষেবা বন্ধের আশঙ্কা নেই। রেল মন্ত্রকের তরফেও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, প্যাসেঞ্জার ট্রেন কিংবা কোনও দূরপাল্লার ট্রেন বন্ধ হচ্ছে না। পরিষেবা স্বাভাবিকই থাকছে। বিশেষ কারণে কোথাও ট্রেন বাতিল হতে পারে, কিন্তু তা স্থায়ী সিদ্ধান্ত নয়।





