Strait of Hormuz Latest Update: হরমুজে টানটান উত্তেজনার মাঝেই কূটনৈতিক মোড়! জয়শঙ্করের ফোনালাপের পর ভারতীয় জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিচ্ছে ইরান, এমনই দাবি রিপোর্টে!

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ বাড়ছে। এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের আবহে একের পর এক জাহাজে হামলার ঘটনা সামনে আসায় আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ভারতগামী জাহাজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক স্তরে গুরুত্বপূর্ণ যোগাযোগের খবর সামনে আসে। জানা যায়, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই কথোপকথনে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। আর ঠিক তার পরেই কিছু আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়, ইরান নাকি ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ দিচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্পক’ এবং ‘পরিমল’ নামের দুটি ভারতীয় জাহাজ বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করছে। শুধু তাই নয়, আরও কয়েকটি জাহাজ ইতিমধ্যেই সেই বিপজ্জনক জলপথ পার করে আরব সাগরে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে। তালিকায় রয়েছে দেশ মহিমা, দেশ অভিমান, স্বর্ণ কমল, বিশ্ব প্রেরণা, জগ বিরাট, জগ লোকেশ এবং এলএনজিসি অসীম নামের জাহাজ। অনেকেই মনে করছেন, দুই দেশের বিদেশমন্ত্রীর কথোপকথনের পরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এই স্বস্তির খবরের মাঝেও উদ্বেগের কারণ কমেনি। গত ১১ মার্চ হরমুজ প্রণালী এলাকায় থাইল্যান্ডের একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। সেই জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের দিকে আসছিল বলে জানা যায়। হামলার পর জাহাজটির উদ্ধারকাজে নামে ওমানের নৌবাহিনী। একই রাতে ইরাকি জলসীমায় মার্কিন ট্যাঙ্কার এবং ‘জেফিরোস’ নামে আরেকটি জাহাজেও হামলার অভিযোগ ওঠে। সব মিলিয়ে ওই রাতেই পাঁচটি জাহাজে আক্রমণের খবর সামনে আসে।

আরও পড়ুনঃ LPG: “অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং করবেন না”— LPG সঙ্কটের জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা কেন্দ্রের, কী জানাল পেট্রোলিয়াম মন্ত্রক?

এই উত্তেজনার আবহেই সৌদি আরব থেকে অপরিশোধিত তেল বোঝাই একটি ট্যাঙ্কার সম্প্রতি মুম্বই বন্দরে পৌঁছেছে। ‘শেনলং সুয়েজম্যাক্স’ নামের লাইবেরিয়ান পতাকাবাহী সেই জাহাজটি প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টনের বেশি অপরিশোধিত তেল নিয়ে আসে। সৌদি বন্দরের রাস তানুরা থেকে ১ মার্চ তেল বোঝাই করে ৩ মার্চ যাত্রা শুরু করেছিল জাহাজটি এবং ৮ মার্চ হরমুজ প্রণালীতে পৌঁছায়। শেষে ১১ মার্চ মুম্বই বন্দরে পৌঁছায় সেটি। জাহাজটির ক্যাপ্টেন ভারতীয় নাবিক সুখবন্ত সিং সান্ধু। যুদ্ধ পরিস্থিতির মাঝেও এই ট্যাঙ্কারের নিরাপদে ভারতে পৌঁছনো কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে, যদিও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles