পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। বিশেষ করে রান্নার গ্যাস বা এলপিজি (LPG) নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও কোথাও আবার বাড়তি বুকিংয়ের প্রবণতাও দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে নাগরিকদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহণ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী (Hormuz Strait) ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় তেল ও গ্যাস আমদানির ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এর জেরেই দেশে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে এবং বাজারে সম্ভাব্য সঙ্কটের কথা শোনা যেতে থাকে।
এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের আশ্বস্ত করেছে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রান্নার গ্যাসের জোগান নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সংবাদসংস্থার সূত্রে জানা গিয়েছে, সেই পদক্ষেপের ফলেই দেশে এলপিজি উৎপাদন প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুধু উৎপাদন বাড়ানোই নয়, জ্বালানি আমদানির ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে হরমুজ প্রণালী এড়িয়ে অন্য সমুদ্রপথ ব্যবহার করে তেল ও গ্যাস আমদানি করার পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুনঃ Middle East war : গুজরাটগামী জাহাজে আচমকা হামলা, হরমুজে আতঙ্ক—২ ভারতীয়ের মৃ*ত্যু নিশ্চিত করল বিদেশমন্ত্রক!
তবে এই সময়ে সাধারণ মানুষকে বিশেষ একটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত এলপিজি বুকিং বা গ্যাস মজুত না করার অনুরোধ জানানো হয়েছে। কারণ, অপ্রয়োজনীয় ‘প্যানিক বায়িং’ই অনেক সময় কৃত্রিম সঙ্কট তৈরি করে দেয়। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংযত আচরণের আবেদন জানিয়েছে কেন্দ্র।





