বেশ কিছুদিন ধরে লড়াই চালানোর পর অবশেষে করোনা মুক্ত হলেন গোটা পরিবার। বছরের প্রথম দিনেই খুশির খবর জানিয়ে চিকিৎসক ও নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এদিন নিজের ও তাঁর পরিবারের করোনামুক্ত হওয়ার খবর জানিয়ে একটি টুইট করেন তিনি। লেখেন, “আমি সেই সমস্ত মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমার অসুস্থতার দিনগুলিতে আমার জন্য প্রার্থনা করেছেন, আমাকে সাহস জুগিয়েছেন। আমি এবং আমার পরিবার এখন করোনামুক্ত। এই জন্য আমি দিল্লি এইমস-এর চিকিৎসক রণদীপ গুলেরিয়াকে তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য মন থেকে ধন্যবাদ জানাই”।
https://twitter.com/JPNadda/status/1344925078031630339
প্রসঙ্গত, গত ১০ই ডিসেম্বর দু’দিনের বাংলা সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথমদিন কলকাতায় পা রেখেই তিনি প্রথম হেস্টিংসে বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন ও ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযান করে। এরপর দ্বিতীয় দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় তাঁর কনভয়ে হামলা চালায় তৃণমূল পতাকাধারী দুষ্কৃতীরা। তাঁর ও কৈলাস বিজয়বর্গীয়ের গাড়িতে হয় ইটবৃষ্টি। এর জেরে আহত হন বেশ কিছু বিজেপি নেতা।
এই ঘটনা নিয়ে বেশ নড়েচড়ে বসে কেন্দ্র। তলব পড়ে রাজ্যের মুখ্যসচিবের। ডেপুটেশনে ডাকা হয় নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারদের। এরপরই খবর মেলে জে পি নাড্ডা করোনায় আক্রান্ত। আইশোলেশনে চলে যান তিনি। জানা যায়, শুধু তিনিই নন, তাঁর গোটা পরিবার করোনায় আক্রান্ত। সেই পরিস্থিতি কাটিয়ে সপরিবারে মারণ রোগকে জয় করলেন জে পি নাড্ডা।





