রাজ্যে কয়েকদিন পরেই পুরভোট। তাই পুরভোটের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সাথে দিল্লি গিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ-এর রাজ্যপাল জগদীপ ধনখড়। জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকেই অমিত শাহ-এর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রায় আধঘণ্টার ধরে চলে বৈঠক। বৈঠকে মূলত রাজ্যের পরিচালনা ও প্রশাসনিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
বৈঠক শেষে ট্যুইট মারফৎ রাজ্যপাল জানান, ‘আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। রাজ্য পরিচালনার ক্ষেত্রে উদ্বেগজনক বিষয়গুলি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার অবস্থাও একই।’ রাজ্যবাসীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অমিত শাহকে অভিযোগ জানিয়েছেন ধনখড়। তবে রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ করবেন তা এখনও স্পষ্ট নয়।






