করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের বার্তা মমতার

করোনা-আতঙ্ক ক্রমে বাড়ছে ভারতে। শুক্রবার দিল্লিতে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। তবে করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা মোকাবিলায় এদিন নবান্ন-এ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

এদিন নবান্নে বৈঠক শেষে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, এরাজ্যে এখনও পর্যন্ত কারোর দেহে করোনা ভাইরাস মেলেনি। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘সব জ্বর মানেই কিন্তু করোনা নয়, সব হাঁচি-কাশি মানেই করোনা নয়, তাই আতঙ্কের কোনও কারণ নেই।’ তবে আতঙ্কিত না হলেও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সাবধানতা অবলম্বন করুন। বিশেষত স্কুলে যাওয়ার সময় শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার।’ করোনা মোকাবিলায় তাঁর সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে জানিয়ে মমতা বলেন, ‘প্রত্যেকটি হাসপাতালে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। রেলস্টেশন ও বন্দরে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। সেই নম্বরটি হল ০৩৩-২৩৪১২৬০০ ও ১৮০০৩১৩৪৪৪২২২।’

এছাড়া আরজিকর, কলকাতা মেডিক্যাল, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল, সাগর দত্ত মেডিক্যাল, হাওড়া জেলা হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, ডায়মন্ডহারবার হাসপাতাল-সহ বেশ কয়েকটি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এইসময় ওষুধ ও মাস্কের কালোবাজারি শুরু হয়েছে জানিয়ে অসাধু ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। কালোবাজারি রুখতে পুলিশকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment