৫ই সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে জিও ফাইবার-এর বানিজ্যিক পরিষেবা। আজ ৪২ তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি এই ঘোষণা করেন। তিনি জানান যে এবার থেকে গ্রাহকরা সর্বনিম্ন ১০০ mbps স্পিড-এ জিও ফাইবার পরিষেবা ব্যবহার করতে চলেছেন এবং যার সর্বোচ্চ স্পিড হতে চলেছে ১ gbps। এখন আমেরিকায় গ্রাহকরা গড়ে ৯০ mbps স্পিড-এ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকেন কিন্তু ভারতে জিও ফাইবারের মাধ্যমে সর্বনিম্ন ১০০ mbps স্পিড-এ গ্রাহকরা ইন্টারনেট পরিষেবা পেতে চলেছেন। এছাড়াও তিনি জানান যে খুব শীঘ্রই জিও ডিটিএইচ পরিষেবাও আসতে চলেছে। এই পরিষেবাতে গ্রাহকরা 4K-তে বিভিন্ন চ্যানেল দেখতে পাবেন। সাথে তিনি যোগ করেন যে জিও ফাইবার ওয়েলকাম অফার-এ গ্রাহকরা জিও ফাইবারের বার্ষিক প্ল্যান নিলেই পেয়ে যাবেন জিও 4K ডিটিএইচ সেট টপ বক্স একদম বিনামূল্যে।
এবারে আসা যাক, জিও ফাইবারের প্ল্যান সম্বন্ধে। আজ মুকেশ আম্বানি জানান যে জিও ফাইবার মাসিক ৭০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে চারটি প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পেতে চলেছেন। এই প্ল্যানগুলোর ইন্টারনেট স্পিড কমপক্ষে ১০০ mbps থেকে ১ gbps পর্যন্ত হতে চলেছে। এছাড়াও গ্রাহকরা জিও ফাইবার কানেকশনের মাধ্যমে বিনামূল্যে ফিক্সড লাইন ল্যান্ডলাইন ফোন পেতে চলেছেন কিন্তু এর জন্যে গ্রাহককে এক টাকাও বেশি খরচ করতে হবেনা কারণ জিও ফাইবারের যেকোন প্ল্যানের সাথেই ভারতবর্ষের যেকোন মোবাইল ও ল্যান্ডলাইনে আনলিমিটেড কল বিনামূল্যে করতে পারবেন। এছারাও থাকছে আই এস ডি কলে বিপুল ছাড়। গ্রাহকরা আমেরিকা ও কানাডার যেকোন ল্যান্ডলাইন ফোনে মাত্র ৫০০ টাকার বিনিময়ে আনলিমিটেড কল করতে পারবেন।
এই সমস্ত পরিষেবা গ্রাহকরা পেতে চলেছেন আগামী ৫ই সেপ্টেম্বর ২০১৯ থেকে। এই ৫ই সেপ্টেম্বর বেছে নেওয়ার কারণ হিসেবে মুকেশ আম্বানি জানান যে ওই দিন জিও-র তৃতীয় জন্মদিন তাই সেই উপলক্ষে তারা ওই দিনেই জিও ফাইবার-এর পরিষেবাটি বানিজ্যিক ভাবে লঞ্চ করতে চলেছেন।






