করোনার জেরে স্তব্ধ হয়েছে গোটা বিশ্ব। বিশ্বের প্রায় সব দেশে পালন করা হয়েছে লকডাউন। কিছু দেশে এই লকডাউন এখনো পুরোপুরি জারি আছে আবার কিছু দেশে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছে। ভারতে লকডাউন শুরু হয়েছিল মার্চ মাসে। লকডাউন এ প্রথম বন্ধ করা হয়েছিল দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। স্বাভাবিকভাবেই সমস্ত ধরনের পরীক্ষা বন্ধ হয়ে যায়। স্থগিত থাকে পঠন-পাঠন। ভারতে লকডাউন শিথিল করা হচ্ছে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কর্তৃপক্ষ।
সব দিক মাথায় রেখে এবার অনলাইন পরীক্ষা ব্যবস্থার পাশাপাশি অফলাইন পরীক্ষাও নিতে চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। মূলত অনলাইন পরীক্ষা দিতে অপারগ শিক্ষার্থীদের জন্য অফলাইন পরীক্ষার বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিল জেএনইউ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পুনরায় খুললে অফলাইন পরীক্ষা নেওয়া হবে।
গত ৯ই মে অনলাইন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইন পরীক্ষা ও তার মূল্যায়নের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক জারি করা সর্বশেষ নির্দেশিকা অনুসারে, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত চলতি বছরের জুলাই মাসে প্রকাশ করা হবে। নিয়মমাফিক যখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে তখন অফলাইন পরীক্ষার সময়সূচী প্রকাশ করবে জেএনইউ।
বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য ও সর্বশেষ আপডেটের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





