রাজনীতি ও প্রযুক্তির মিশ্রণে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার যেমন নানা ক্ষেত্রে সুবিধা দিচ্ছে, তেমনই তৈরি করছে ভুয়ো কনটেন্ট ও বিভ্রান্তি। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই এবার উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীর নাম। একটি ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী তাঁর প্রয়াত মা হীরাবেনকে স্বপ্নে দেখছেন। সেখানে হীরাবেন নাকি ছেলেকে বিহার নির্বাচনের প্রসঙ্গে তীব্র সমালোচনা করছেন। দাবি করা হয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবে বিষয়টি ইতিমধ্যেই রাজনীতির অন্দরমহলে আলোড়ন তুলেছে।
এই ঘটনার পরই সরব হয়েছেন কঙ্গনা রনৌত। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, প্রয়াত কারও ভাবমূর্তি নিয়ে এ ধরনের কনটেন্ট তৈরি করা চরম অসংবেদনশীলতা। তাঁর বক্তব্য, “এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। বিরোধী দলের কেউই যদি নিজেদের মা-বাবাকে নিয়ে এভাবে ভিডিও বানানো দেখত, তবে তারাও নিশ্চয় ক্ষুব্ধ হতেন।” কঙ্গনার অভিযোগ, কংগ্রেস ইচ্ছে করে নরেন্দ্র মোদীর মাকে অপমান করেছে।
অভিনেত্রীর মতে, প্রয়াত ব্যক্তিদের নাম বা ছবি ব্যবহার করে রাজনৈতিক বার্তা তৈরি করা ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। কঙ্গনা সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “ওরা হীরাবেন মোদীজিকে কংগ্রেসের হয়ে কথা বলাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।” তাই এই ঘটনায় কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বিজেপির পক্ষ থেকেও ওই ভিডিওকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ India US Relation: ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল! রাশিয়ার তেল কেনায় ৫০% শুল্ক চাপানোর দায় স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প!
উল্লেখযোগ্য বিষয় হলো, কঙ্গনা রনৌতের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি। গত বছর লোকসভা ভোটে বিজেপির হয়ে মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সংসদে প্রবেশ করেছেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পরিবারের প্রতি কঙ্গনার আনুগত্য নতুন কিছু নয়। তবে এআই প্রযুক্তির মাধ্যমে প্রয়াত হীরাবেনকে ব্যবহার করে তৈরি ভিডিওকে ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হলো বিহার নির্বাচনের আগে।





