চতুর্থ বর্ষের এক ছাত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। হঠাৎই অসুস্থ হয়ে পড়া, পরিবারের কাছে দেরিতে খবর পৌঁছনো, হাসপাতাল বদলের ওঠাপড়া সব মিলিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়েই এখন জল্পনা। এদিকে উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথাও।
মৃতার নাম অনিন্দিতা সোরেন। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। পরিবারের দাবি, অনিন্দিতা বরাবরই প্রাণবন্ত স্বভাবের ছিলেন। তবে সম্প্রতি তাঁর মন খারাপ থাকত বলে পরিবারের সদস্যরা বুঝতে পারছিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাড়িতে থাকার সময়ও তাঁর মধ্যে অস্বাভাবিক চুপচাপ ভাব দেখা যাচ্ছিল।
সূত্রের খবর, গত সোমবার অনিন্দিতা গিয়েছিলেন মালদহে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে। প্রেমিকও মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। তবে এই সফরের কথা পরিবারের কেউ জানতেন না। হঠাৎই খবর আসে অনিন্দিতা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই আকস্মিক তথ্য শুনেই হতভম্ব হয়ে পড়ে পরিবার।
শুক্রবার রাতে অনিন্দিতার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। কিন্তু মাঝপথে অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে মালদহ মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে মৃত্যু হয় তরুণীর। পরিবারের অভিযোগ, পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মৃত্যু ঘটে। তাঁদের সন্দেহের তীর সোজা গিয়েছে অনিন্দিতার প্রেমিকের দিকেই।
আরও পড়ুনঃ Kangana Ranaut : “কংগ্রেস ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে”—মোদিজীর মাকে নিয়ে AI ভিডিও বানানোর ঘটনায় ক্ষুব্ধ কঙ্গনা রনৌত!
মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের সাফ দাবি এটি কোনও সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিত খুন। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত রহস্যমৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে দুই জেলার সাধারণ মানুষ।





