বর্তমানে সংবাদ শিরোনাম থেকে সরে গিয়েছে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলার ধারাবাহিক তদন্ত কাহিনী বরং সেই জায়গা নিয়েছে উত্তর প্রদেশের হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনা। এ নিশংস ঘটনার জেরে রীতিমতো উত্তাল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কঠিন নির্দেশ দিয়েছেন যাতে অভিযুক্তরা কেউ ছাড় না পায়। গোটা ঘটনায় গঠন করা হয়েছে সিট কমিটি এবং মামলা গিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে।
এবার যোগী আদিত্যনাথ সরকারের পাশে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বিগত বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন বিভিন্ন বিষয়ে নিজের মুখ খোলার জন্য। এবার কুইন অভিনেত্রী গোটা ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন। ২০১৯ সালে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের মতনই এক্ষেত্রেও যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রশাসন ।
যেভাবে হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে তাতে দেশবাসীর মনে ফিরে আসছে নির্ভয়ার স্মৃতি। তবে আপাতত স্বস্তির কথা যে হাথরাসের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত তারা কিন্তু সকলেই উচ্চবর্ণের। রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয় পক্ষ থেকেই অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।
কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে আমার যোগী আদিত্যনাথের সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। হায়দ্রাবাদের পশু চিকিৎসক তরুণী প্রিয়াঙ্কা রেড্ডি কে গণধর্ষণ করার পর দেহ জ্বালিয়ে দিয়েছিল অভিযুক্তরা আর তারপর সেই একই জায়গায় তাদেরকে এনকাউন্টার করে মারা হয়েছে। এই ক্ষেত্রেও দোষীদের ঠিক একইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
দিল্লির সফদরজং হাসপাতালে গত ১৪ই সেপ্টেম্বর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল এই তরুণী মনীষা বাল্মিকীকে। গতকাল দীর্ঘ লড়াইয়ের পর মনীষা মারা যায়। গলায় ওড়না বেঁধে নিয়ে যাওয়ার কারণে দাঁত জিভে বসে যাওয়ায় ফালা ফালা হয়ে যায় জিভ, ভেঙে যায় ঘাড়ের দুটো হাড়! গুরুতর জখম হয় শিরদাঁড়া এবং হাসপাতাল সূত্রে জানা যায় তার দুটি পা এবং হাত আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল।
হাথরাসের পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন যে অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টা তপশিলি জাতি ও জনজাতি আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে যোগ করা হলো খুনের চার্জ।প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে এবং অভিযুক্তদের চলছে কড়া জিজ্ঞাসাবাদ। চার্জশীট তৈরি করার কাজ দ্রুত চলছে এবং অবিলম্বে সমস্ত তথ্য প্রমাণাদি ফাস্ট ট্র্যাক পেশ করা হবে।





