হিজাব বিতর্ক নিয়ে পারদ ক্রমেই চড়ছে কর্ণাটকে। এই পরিস্থিতিতে এবার আগামী তিনদিন সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল কর্ণাটক সরকার। এই বিতর্কের মধ্যেই আজ সকালে মুখোমুখি ফেসঅফ করতে দেখা যায় হিজাব পরিহিত পড়ুয়া ও গেরুয়া স্কার্ফ জড়ানো পড়ুয়াদের।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদুপির মহাত্মা গান্ধী কলেজে। একদিকে হিজাব পরিহিত পড়ুয়ারা ন্যায় বিচারের জন্য স্লোগান দিচ্ছেন ও অন্যদিকে আবার গেরুয়া স্কার্ফ জড়ানো পড়ুয়াদের মুখে শোনা হেল জয় শ্রী রাম স্লোগান। হিজাবের বিরোধিতা করা ছাত্রদের দাবী, “কেন ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হবে? নিয়ম সবার জন্য এক হওয়া উচিত”। গেরুয়া স্কার্ফ পরিহিত ছাত্রদের দাবী বজরং দল, হিন্দু জাগরণ বেদিকে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরকে এই স্কার্ফ দিয়েছে।
বলে রাখি, গত শুক্রবার তিন কলেজের অধ্যক্ষ হিজাব পরিহিত ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এর জেরে সেদিন থেকেই কলেজের বাইরে অবস্থান বিক্ষোভ করে। উল্লেখ্য, গত ডিসেম্বরে উদুপির একটি সরকারি কলেজে এক মুসলিম ছাত্রীকে হিজাব পরে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর থেকে কলেজে হিজাব নিষিদ্ধ হয়েছে।
সরকারের তরফে এই বিষয়ে জানানো হয়েছিল, প্রি ইউনির্ভাসিটির আওতায় যে সরকারি কলেজগুলি রয়েছে সেখানে কলেজ ডেভেলপমেন্ট বোর্ড যে পোশাক নির্দিষ্ট করেছে সেটাই থাকবে। আর যেখানে এই পোশাক বিধি বলে কিছু নেই, সেখানে পড়ুয়ারা এমন পোশাক পরতে পারেন যাতে করে সম্প্রীতি, সমতা ও আইন শৃঙ্খলা বজায় থাকে। তবে এই নির্দেশের পরও বিতর্ক থামেনি।
এই নিয়ে মামলা গড়ায় কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত। সেখানে এই মামলার শুনানি শুরু হয়েছে আজ। আগামীকালও এই মামলার শুনানি চলবে বলে জানা গিয়েছে। উদুপি কলেজের পাঁচজন এই বিতর্কে মামলা করেন বলে জানা যায়। এবার আজ কর্ণাটক সরকার আগামী তিনদিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল।





