দিল্লি আদালতেও রেহাই মিলল না। উন্নাও ধর্ষণকাণ্ডের পর এবার নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হলেন বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। কুলদীপ একা নন, তাঁর ভাই সহ মোট ৭ জনকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির তিসহাজারি আদালত।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে ২০১৭ সাল থেকে চলা উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন কুলদীপ। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় উত্তরপ্রদেশের নিম্ন আদালত। পরে মামলাটি দিল্লির তিসহাজারি আদালতে উঠলে সেখানেও নিম্ন আদালতের রায় বহাল থাকে। কারাদণ্ডের পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় কুলদীপকে। তারপর ধর্ষণ কাণ্ডের সাক্ষী লোপাটের জন্য কুলদীপ ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়ে ধর্ষিতার বাবা ও আর এক আত্মীয়কে মৃত্যুর মুখে ঠেলে দেন বলেও অভিযোগ ওঠে। এর মধ্যে ধর্ষিতার বাবার মৃত্যু হলে মামলাটি আদালতে ওঠে। সেই মামলাতেই এবার দোষী সাব্যস্ত হলেন কুলদীপ ও তাঁর ভাই।





