পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাম ও কংগ্রেস জোট প্রার্থী হিসাবেই তাঁর নাম মনোনীত করা হয়েছে। বহিষ্কৃত সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গাতেই বিকাশ ভট্টাচার্যকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এব্যাপারে বিকাশ ভট্টাচার্যেরও কোনও আপত্তি নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, আগামী ২রা এপ্রিল রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে। সেই শূন্যস্থান পূরণের জন্য বাম ও কংগ্রেস একজোট হয়ে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। কংগ্রেস নেতৃত্ব প্রথমে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেই রাজ্যসভার প্রার্থী হিসাবে চেয়েছিল। কিন্তু সিপিএমের দলের অনুশাসন মেনে সেটা সম্ভব নয়। তাই বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন সীতারাম ইয়েচুরি। তাঁদের আলোচনার পরই ঋতব্রতর জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য বামফ্রন্ট এবং প্রদেশ কংগ্রেসও এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫ সাংসদের মেয়াদই ২রা এপ্রিল শেষ হচ্ছে। যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন তৃণমূলের চার সাংসদ- যোগেন চৌধুরী, কেডি সিং, আহমেদ হাসান ইমরান ও মনীশ গুপ্ত। এঁদের খালি জায়গা পূরণের জন্য ইতিমধ্যে অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, সুব্রত বক্সী ও দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।





