বাংলায় তৃতীয়বার ক্ষমতা কায়েমের পর এবার জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল, তা বেশ স্পষ্ট। এই কারণে নানান রাজ্যে সংগঠনও মজবুত করতে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। সর্বভারতীয় স্তরে গুরুত্ব রয়েছে, এমন নানান ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন তৃণমূলে। গোয়ায় প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে একাধিক চমক থাকতে পারে বলেই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর অনুযায়ী, জনপ্রিয় গায়ক লাকি আলি, প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলি ও রেমো ফার্নান্ডেজ যোগ দিতে চলেছেন তৃণমূলে, এমনটাই শোনা যাচ্ছে। তারা নাকি নিয়মিত সাংসদ সৌগত রায়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে খবর। আগামী ২৮ তারিখ গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই যোগদান পর্ব হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লাকি আলি এবং নাফিসার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবিও দেখা গিয়েছে। এর পর থেকেই যোগদানের জল্পনা বেড়েছে। এমনকী, নাফিসাও টুইটার অ্যাকাউন্টে ইদানীং বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। পাশপাশি আক্রমন শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে।
View this post on Instagram
প্রসঙ্গত, নাফিসার জন্মস্থান কলকাতা। দক্ষিণ কলকাতা থেকে ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০০৪ সালের লোকসভা ভোটে তিনি কংগ্রেস পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসনে। বিপক্ষে ছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। সেই নাফিসাই এখন ‘বাঘিনী’ বলে সম্বোধন করেছেন মমতাকে। বিজেপির বিরুদ্ধে উপযুক্ত মুখ বলেও উল্লেখ করেছেন তৃণমূল নেত্রীকে। ফলে তাঁদের যোগদান যে স্রেফ সময়ের অপেক্ষা, তা বলাইবাহুল্য।
বিগত কিছুমাস ধরেই গোয়ায় নানান সমীক্ষা চালাচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংগঠন আইপ্যাকের সদস্যরা। এই সমীক্ষায় দেখা গিয়েছে যে এই রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া বইছে। সেই হাওয়া নিজেদের দিকে টানতে চাইছে তৃণমূল। আর সেই উদ্দেশ্য সফলেই সকল স্থানীয় রাজনৈতিক দলগুলিকে একজোট করতে উদ্যত ঘাসফুল শিবির।
কিছুদিন আগেই গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হয়েছিল। এমনকি, তৃণমূল নেত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়। এরপরই গোয়ার ফরওয়ার্ড পার্টি ও তৃণমূল একসঙ্গে জোট বাঁধবে বলে সম্ভাবনা তৈরি হয় বিজেপি ও কংগ্রেস মহলে।






